বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে চলে যাওয়ার পথে সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের এক নেতা ছুরিকাঘাতে জখম হয়েছেন। গতকাল সোমবার দুপুরে নগরের সদরঘাটে ডিলাইট হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে অন্য দুটি কলেজের দুই ছাত্রকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন সিটি কলেজের ছাত্রলীগ নেতারা।
পুলিশ বলছে, ছাত্রলীগের অন্তঃকোন্দলে এ ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগের দাবি, বঙ্গবন্ধুর ছবি বিকৃতকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।
ছুরিকাহত ছাত্রের নাম মো. রাশেদ। তিনি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগে স্নাতক শেষ বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য।
আটক দুজন হলেন হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্র ঋষিকেশ বিশ্বাস (১৭) ও সিটি করপোরেশন কায়সার নিলুফার কলেজের ছাত্র অভি পাল (২২)। তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের চিকিৎসক বলেন, রাশেদের পিঠে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর ঋষিকেশের বাঁ হাতের একটি আঙুল সামান্য কেটে গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের মাঝিরঘাটে জাগ্রত ছাত্র যুব সমাজের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার প্রতিবাদে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে ছাত্রলীগ কর্মীরা পুনরায় সিটি কলেজে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কলেজে যাওয়ার পথে বেলা পৌনে দুইটার দিকে রাশেদসহ কয়েকজন ছাত্র কলেজের পেছনে ডিলাইট হোটেলে ঢুকে চা খাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন যুবক রাশেদের ওপর হামলা চালান। তাঁর পিঠে দুবার ছুরিকাঘাত করা হয়। তখন আশপাশে থাকা সিটি কলেজের কর্মীরা ঋষিকেশ ও অভিকে আটক করে মারধর শুরু করেন। একপর্যায়ে ছুরি দিয়ে ঋষিকেশেরও হাতে আঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।
সদরঘাট থানার কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ছাত্রলীগ কর্মীদের নিজেদের মধ্যে কথা-কাটাকাটি, কিল-ঘুষি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
হাসপাতালে আহত রাশেদ প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর অতর্কিত হামলা হয়েছে। আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তাদের কোনো সমস্যাও হয়নি।’
আর ঋষিকেশ বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমিও একই মানববন্ধনে অংশ নিয়ে ডিলাইট হোটেলে বসে চা খাচ্ছিলাম।’
জানতে চাইলে সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘কী কারণে ঘটনা ঘটেছে আমরা জানি না। যে দুজনকে আটক করা হয়েছে, তাদের রাশেদ চেনেন না। কিন্তু তারা ঘটনার সঙ্গে জড়িত ছিল। স্থানীয় লোকজন তাদের পিটুনি দিয়েছে।’