মানববন্ধনে ব্যানার কেড়ে নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধ​ন। ব্যানার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশ একজনকে আটক করারও চেষ্টা চালায়। তবে গাড়িতে তোলার সময় সাংবাদিকরা চলে আসায় তাঁকে আবার ছেড়ে দেয়।

আজ রোববার বেলা ১১টার দিকে শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপি হত্যাকাণ্ডের প্রতিবাদে এ এইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। স্কুলের অধ্যক্ষ গাউছুর রহমানের ভাষ্য, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হওয়ার পর পুলিশ বাধা দেয় এবং তাঁদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় গণমাধ্যমকর্মীরা এসে কারণ জানতে চাইলে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। পরে মানববন্ধন না করেই তাঁরা ফিরে যেতে বাধ্য হন।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল ঘোষ এই বাধা দেওয়ার কারণ সম্পর্কে বলেন, মানববন্ধনের আয়োজকেরা পুলিশের কাছ থেকে অনুমতি নেননি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাধা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রহমান বলেন, ‘কেউ যদি কোনো অমানবিক ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দাঁড়ায় তাহলে অনুমতি নেওয়াটা জরুরি নয়। কেন পুলিশ বাধা দিয়েছে তা খতিয়ে দেখা হবে।’

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মধ্যে এই প্রতিনিধি ছাড়াও সময় টিভির অভিজিৎ কর্মকার ও মাছরাঙা টিভির আঞ্জুমান জুলিয়া অধ্যক্ষ গাউছুর রহমানকে আটক করে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার সময় কারণ জানতে চাইলে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

গত বৃহস্পতিবার মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষ হলে সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাকাণ্ডের এক দিন পর গত শুক্রবার মামলা হলেও ধর্ষণের অভিযোগ নেয়নি পুলিশ। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর থানায় গেলে পুলিশ রাতভর তাঁদের সেখানে আটকে রাখে।

মাদারীপুর জেলা পুলিশ আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বলেছেন, মেয়ে দুটির পূর্বপরিচিত তরুণেরা পরিকল্পিতভাবে বিষমিশ্রিত কোমল পানীয় পান করিয়ে তাদের হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধর্ষণের আলামত না পাওয়ায় এ অভিযোগটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।

আরও পড়ুন: