মানবাধিকারকর্মীদের অমানবিক কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের লেম্বুরচর এলাকায় রাতের আঁধারে গুলি ছুড়ে মানবাধিকারকর্মীদের উল্লাস করেন। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। গত শনিবার রাতে দেড় ঘণ্টা ধরে প্রায় ৭০-৭৫টি ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের একটি সংগঠনের কয়েকজন কর্মী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় লেম্বুরচর এবং পাশের খাজুরা গ্রামের বাসিন্দারা ভয়ে বাড়ি ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢাল, পাশের জঙ্গল, ধানখেতে গিয়ে আশ্রয় নেন।
রাতেই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সংগঠনটির সদস্য মো. কামরুজ্জামান মিলন ও মো. আলমগীর হোসেনের লাইসেন্স করা দুটি পিস্তলসহ তিনটি ম্যাগজিনের ২৪টি গুলি এবং মো. নুরউদ্দিন ইমরানের লাইসেন্স করা একটি শটগানসহ পাঁচটি গুলি জব্দ করে। পরদিন নিজেদের ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ায় অস্ত্র ও গুলি তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এঁরা ঢাকার মিরপুর ও বাড্ডা এলাকার বাসিন্দা।
কুয়াকাটা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সংগঠনটি শনিবার সকালে কুয়াকাটায় ‘কুয়াকাটা মানবাধিকার সম্মেলন-২০১৪’ আয়োজন করে। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানের পর রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটার লেম্বুরচর এলাকায় সংগঠনটির ২০-২৫ জন কর্মী ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটান। বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার মুঠোফোনে বলেন, ‘পুলিশকে না জানিয়ে ফায়ারিং করা আইনসম্মত হয়নি। এ জন্য আমরা দুঃখিত।’