মানবিক চেতনাকে গুরুত্ব দেওয়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা কনভেনশন সিটিতে গতকাল এসকেএফ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ট্রান্সকম গ্রুপ ও এসকেএফের চেয়ারম্যান লতিফুর রহমান, এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, ট্রান্সকম গ্রুপের পরিচালক শাহনাজ রহমান, ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও এসকেএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতে হাত ধরে শপথবাক্য পাঠ করেন l ছবি: প্রথম আলো
বসুন্ধরা কনভেনশন সিটিতে গতকাল এসকেএফ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ট্রান্সকম গ্রুপ ও এসকেএফের চেয়ারম্যান লতিফুর রহমান, এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, ট্রান্সকম গ্রুপের পরিচালক শাহনাজ রহমান, ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও এসকেএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতে হাত ধরে শপথবাক্য পাঠ করেন l ছবি: প্রথম আলো

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ হোসেনের মানবিক চেতনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার শপথ করলেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। সবাই নিজের মধ্যে ফারাজের চেতনা ধারণা করার শপথ নেন।

গতকাল সোমবার কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় এসকেএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ শপথ নেন সাড়ে তিন হাজার এসকেএফ কর্মী। এ ছাড়া এজিএমে ফারাজ আইয়াজ হোসেনের এ সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করেন বক্তারা। তাঁরা বলেন, সাহসী তরুণ ফারাজ বন্ধু তথা মানুষের জন্য আত্মত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেই মূল্যবোধ সবাইকে অনুসরণ করা উচিত।

এজিএমের শুরুতে ফারাজ হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে ফারাজকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এজিএমের এবারের দর্শন হলো ‘কনকয়্যার উইথ কারেজ’ বা আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে জয় করা।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় নিজের জীবন বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও বন্ধুদের ছেড়ে যেতে রাজি হননি ফারাজ হোসেন। পরে জঙ্গিরা তাঁকে হত্যা করে। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি এবং এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেনের ছেলে। এসকেএফ ট্রান্সকম গ্রুপের একটি প্রতিষ্ঠান।

এদিকে এসকেএফের এজিএম মিলনায়তনের আঙিনায় ট্রান্সকম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কর্মীর ছবিসংবলিত ‘উই আর ফারাজ’ লেখা বিশাল ক্যানভাস প্রদর্শন করা হয়। এ ছাড়া ফারাজের এ আত্মত্যাগের স্বীকৃতিগুলোর প্রতিকৃতিও প্রদর্শিত হয়। ফারাজের আত্মত্যাগ নিয়ে বিশ্বের বিশিষ্টজনদের প্রতিক্রিয়া লিখিত আকারে প্রদর্শন করা হয়েছে।

লতিফুর রহমান বলেন, ‘ফারাজ আমাদের গর্ব, তাঁর আত্মবিশ্বাস, মূল্যবোধ ও মানবিকতাকে অনুসরণ করতে পারি। ফারাজ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের সর্বোচ্চ মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে। আমি অত্যন্ত গর্বিত যে ফারাজের মতো ছেলে আমাদের পরিবারে জন্ম নিয়েছে।’ এ সময় নৈতিকতার সঙ্গে কাজ করার জন্য এসকেএফের কর্মীদের প্রতি আহ্বান জানান লতিফুর রহমান। তিনি বলেন, লাভক্ষতি যা-ই হোক না কেন, কখনো পণ্যের মান নিয়ে সমঝোতা করা উচিত নয়। ২০১৭ সালে এসকেএফের লক্ষ্যকে চ্যালেঞ্জিং হলেও সম্ভব বলে মনে করেন লতিফুর রহমান।

সভায় ফারাজের মা সিমিন হোসেন বলেন, ‘ফারাজের ঘটনাটি মা হিসেবে আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি। তবে আমি এ থেকে অনুপ্রেরণাও পাই। ১ জুলাইয়ের ঘটনা থেকে আমি মূল্যবোধ, মানবিকতা ও আত্মবিশ্বাসের শিক্ষা পাই।’ তিনি এসকেএফ কর্মীদের উদ্দেশে বলেন, লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করার তাগিদ দেন। আন্তর্জাতিক অঙ্গনে এসকেএফের বিচরণ বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। তাই প্রতিষ্ঠানটির নাম এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড হিসেবে ঘোষণা দেন সিমিন হোসেন। এ ছাড়া লতিফুর রহমান ও শাহনাজ রহমান ফাউন্ডেশন থেকে মানবিক কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।

ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন বলেন, ‘আমি মাঝে মাঝে ভাবি, বন্ধুদের জন্য ২০ বছরের একটি ছেলে কীভাবে এত বড় আত্মত্যাগ করতে পারল? ফারাজের স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন ওর মূল্যবোধ, আত্মবিশ্বাসের চেতনা বাস্তবায়ন করতে পারব।’ তিনি জানান, ফারাজ এসকেএফকে নিয়ে খুবই আগ্রহী ছিল। গত ৩০ জুনও এসকেএফের আয় নিয়ে হালনাগাদ তথ্য জানতে চেয়েছে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘আত্মত্যাগের শিক্ষা ফারাজ তাঁর মায়ের কাছ থেকে পেয়েছেন। আমরা গর্বিত যে বাংলাদেশে ফারাজের মায়ের মতো মা আছেন।’ তিনি আরও বলেন, ১ জুলাইয়ের ঘটনায় অনেকে ভেবেছে, হয়তো বাংলাদেশ শেষ হয়ে গেছে। কিন্তু একজন আলো হয়ে জ্বলেছিল। তিনি হলেন ফারাজ। পুরো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর মানুষ ফারাজকে স্মরণ করে বন্ধুর জন্য, মানুষের জন্য তাঁর সর্বোচ্চ ত্যাগের জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, পরিচালক শাজরেহ হক, আহমেদ শফি চৌধুরী প্রমুখ।

এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনটি উপস্থাপনা দেন এসকেএফের পরিচালক (বিপণন) মোজাহিদুল ইসলাম, পরিচালক (বিক্রয়) মীর মোস্তাফিজুর রহমান ও পরিচালক (কারিগরি সেবা) ইখতিয়ার হোসেন। অনুষ্ঠানে এসকেএফ ও ট্রান্সকম ডিস্ট্রিবিউশনের মাঠপর্যায়ের কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।