মানবিকে পড়েও দন্ত চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ না থাকলেও দন্ত চিকিৎসা দেওয়া এই পাঁচজনকে গতকাল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত নয় মাস করে কারাদণ্ড দেন l ছবি: প্রথম আলো
সনদ না থাকলেও দন্ত চিকিৎসা দেওয়া এই পাঁচজনকে গতকাল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত নয় মাস করে কারাদণ্ড দেন l ছবি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পাঁচজন ভুয়া দন্ত চিকিৎসককে নয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। চারটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও র‌্যাব সূত্র জানায়, বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-২-এর একটি দল কারওয়ান বাজারে আম্বর শাহ জামে মসজিদ মার্কেটের নিচতলায় জান্নাত ডেন্টাল কেয়ারে অভিযান চালায়। ওই দোকানের মালিক আলাউদ্দিনের চিকিৎসা সনদ না থাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাঁকে গ্রেপ্তার করে নয় মাস কারাদণ্ড দেন। এরপর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজার সুপার মার্কেটের ২ নম্বর ভবনে যান। সেখানে আল-হেরা ডেন্টাল কেয়ারের মালিক আক্তার হোসেন ও তাঁর সহকারী তোফাজ্জল হোসেন, গার্ডেন ডেন্টাল কেয়ারের এস এম ইলিয়াস হোসেন, আল-মদিনা ডেন্টাল কেয়ারের মালিক হাসানুর রহমানকে একই কারণে গ্রেপ্তার করেন। এ সময় তাঁরা দন্ত চিকিৎসক হিসেবে রোগী দেখছিলেন। তাঁদেরও নয় মাস করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে তাঁদের আরও তিন মাস কারাভোগ করতে হবে। বেলা পৌনে দুইটা পর্যন্ত এ অভিযান চলে। এই চারটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। অভিযানে র‌্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলম অংশ নেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এই ব্যক্তিরা ব্যবস্থাপত্র ও ভিজিটিং কার্ডে তাঁদের একাধিক উচ্চতর ডিগ্রি ও হাসপাতালের দন্ত বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, এসব ভুয়া দন্ত চিকিৎসক দাঁত তুলতে ও দাঁতের ছিদ্র বন্ধ করতে পাঁচ থেকে আট হাজার টাকা নিতেন।
অভিযানের খবরে সেখানে ছুটে আসা সিটি করপোরেশনের কর্মী নূরে আলম নিজেকে ভুক্তভোগী দাবি করে প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে তাঁর ভাগনির চিকিৎসার জন্য আলাউদ্দিনকে দেখান। ভাগনির দাঁতের ছিদ্র বন্ধ করতে ছয় হাজার টাকা নেন তিনি। কিন্তু ছিদ্র ভরাট করা পদার্থ সাত দিনেই উঠে যায়।
জানতে চাইলে আলাউদ্দিন দাবি করেন, তিনি প্যারামেডিকস কোর্সে দন্ত বিভাগে পাস করেছেন। তাই দন্ত চিকিৎসায় তিনি পারদর্শী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, এঁরা সবাই ভুয়া দন্ত চিকিৎসক। সাজা পাওয়া ব্যক্তিরা নিজেদের দন্ত চিকিৎসক পরিচয় দিলেও কোনো প্রাতিষ্ঠানিক সনদ দেখাতে পারেননি। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, মানবিক বিভাগ থেকে তাঁরা মাধ্যমিক পাস করেছেন। দন্ত চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করে দাঁতের চিকিৎসা করা শিখেছেন। কোনো প্রশিক্ষণ নেননি। তাঁরা এসব দোকান ভাড়া নিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপত্র লিখতেন, দাঁতের অস্ত্রোপচারও করতেন।