প্রসবের ছয় ঘণ্টার মাথায় রাজশাহী নগরের একটি মাতৃসদন হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি সাত দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে সন্তান হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মা। তিন দিন আগে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও তিনি হাসপাতাল ছাড়ছেন না।
তিন দিন আগে পুলিশ রাজশাহী সিটি করপোরেশনের সিসি ক্যামেরা থেকে একটি ছবি উদ্ধার করে। হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তারা বলছেন, এক নারী নবজাতকটি চুরি করে নিয়ে গেছেন। পুলিশ এই ছবি নিয়ে এখন তাকে ধরার চেষ্টা করে যাচ্ছেন। তবে গতকাল পর্যন্ত তারা এর কোনো কিনারা করতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃসদন হাসপাতালে গিয়ে দেখা যায়, মা মুক্তি খাতুন (১৮) একবার স্বাভাবিক আচরণ করছেন, আবার মুহূর্তেই অস্বাভাবিক আচরণ করছেন। হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা উল্লাস সাহা বলেন, তিন দিন আগেই মুক্তি খাতুন শারীরিকভাবে সুস্থ হয়েছেন। কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে যেতে চাইছেন না। তাঁর মানসিক সমস্যা দেখা দিয়েছে। মেয়ের মাথার পাশে বসে মুক্তি খাতুনের মা রোজিনা বেগম কান্নাকাটি করছেন। আর বলছেন, ‘তোমরা আমার বুকের মানিককে ফিরিয়ে দাও। আমার মেয়ে মা ডাক শুনতে পেল না। আর দুইটা বাচ্চা থাকলেও তাদের মুখের দিকে তাকিয়ে মা ধৈর্য ধরতে পারে। আমার মেয়ে কীভাবে ধৈর্য ধরবে?’
মুক্তি খাতুনের বাবা মুক্তার আলী একজন রিকশাচালক। মুক্তির স্বামী নাসির উদ্দিন কুলি-মজুর। মুক্তির বাবা বলেন, এই মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে তাঁরা কীভাবে রাখবেন? তাঁরা পড়েছেন ভীষণ বিপদে।
রাজশাহী নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন পরিদর্শক অশোক চৌহান। তিনি বলেন, ছবি নিয়ে তাঁরা সব ধরনের চেষ্টা করছেন। ছবিটা খুব একটা পরিষ্কার নয়। তবে যাঁরা ওই নারীর পরিচিত তাঁরা দেখলেই চিনতে পারবেন। ১৯ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। নবজাতক চুরির ঘটনায় মুক্তি খাতুনের মা রোজিনা বেগম বাদী হয়ে ঘটনার রাতেই নগরের শাহমখদুম থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ মামলায় হাসপাতালের মাঠকর্মী তুহুরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে। তহুরা খাতুনই আগন্তুক নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।