মানসিক ভারসাম্যহীন নারীর টিপসই নিয়ে জমি আত্মসাৎ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে রিজিয়া বেগম (৬৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে রিজিয়ার মেয়ে নাছিমা বেগম বরিশাল মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।
নাছিমার অভিযোগ, বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দরের ছয় শতাংশ জায়গা দখলে নিতে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোশারেফ হোসেন ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার মো. নাজমুল হক মরিয়া হয়ে উঠেছেন। নাছিমার মামাতো ভাই মো. নাছির হাওলাদারের যোগসাজশে ওই দুই আওয়ামী লীগ নেতা জোর করে জমির দলিলে টিপসই নিয়েছেন।
নাছিমা বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ওই অবস্থায় গত মে মাসে ছোট মামা মন্নাফ হাওলাদারের ছেলে নাছিরের মাধ্যমে, চাচাতো বোনের স্বামী ও আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন ৪ শতাংশ ও সরদার নাজমুল হক ২ শতাংশ জমি দলিল করিয়ে নেন। এ ঘটনায় আদালতে মামলা করায় মোশারেফ ও নাজমুল আমাকে হুমকি দিচ্ছেন। ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’ রিজিয়ার ছোট বোন রেহানা বেগম বলেন, ‘৩০ বছর ধরে আমার বোন মানসিক রোগে ভুগছেন। আমার ভাই মন্নাফের ছেলে নাছিরকে ভুল বুঝিয়ে মোশারেফ, নাজমুল ও প্রতিবেশী আলমগীর হোসেন জোর করে বোনের কাছ থেকে দলিলে টিপসই নিয়েছেন।’মোশারেফ হোসেন বলেন, ‘নাছিরের উপস্থিতিতেই তাঁর ফুফু সবার সম্মুখে টিপসই দিয়েছেন। আমরা কোনো ধরনের হুমকি দিইনি। এটা সম্পূর্ণ বানোয়াট।’ সরদার নাজমুল হক বলেন, ‘আমরা জায়গা কিনেছি। রিজিয়া বেগম সজ্ঞানেই টিপসই দিয়েছেন।’
রিজিয়াকে মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত করে নাছির উদ্দিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমি ফুফুকে নিয়ে জমি লিখিয়ে দিয়েছি। তবে ২ শতাংশ জমি নেওয়ার কথা থাকলেও তাঁরা ৬ শতাংশ লেখিয়ে নিয়েছে। ওই ৪ শতাংশ জমি ফেরত দেওয়ার কথা আছে।’
বাদীপক্ষের আইনজীবী মহসিন আলী খান জানান, ১২ আগস্ট রিজিয়া বেগমসহ বাদী ও বিবাদীপক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।