মানহানি ও চাঁদাবাজি মামলায় জামিন পেলেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো মাগুরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার খবর পত্রিকায় প্রকাশ করার জের ধরে প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মানহানি ও চাঁদাবাজির মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক ফারাহ মামুন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। 
ওই মামলার অপর আসামি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল নাইনের প্রতিনিধি হেলাল হোসেনকেও জামিন দেওয়া হয়।

মাগুরা প্রতিনিধি কবির হোসেন জানান, মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ ১৫ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন জিটিভির স্থানীয় প্রতিনিধি আরাফাত হোসেন। মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মিহির লাল, আরটিভির প্রতিনিধি রাশেদ খান, চানেল আই ও কালের কণ্ঠ-এর প্রতিনিধি শামীম আহমেদ খান ও এনটিভি ও ডেইলি নিউএজ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলামসহ সাতজন সাক্ষী আছেন। হাকিম এ মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নথিভুক্ত করতে নির্দেশ দেন। পরের দিন থানা মামলাটি নথিভুক্ত করে।
পুলিশ, মামলার আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ গত ৩০ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে শোক র‍্যালি ও আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ওই দিন বেলা ১১টার দিকে শহরের এজি একাডেমির সামনে হেলাল পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সেখানে জিটিভির প্রতিনিধি আরাফাত হোসেন তাঁকে গালাগাল ও দুর্ব্যবহার করেন। ওই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে আরাফাতসহ ছয়-সাতজন মিলনায়তনের পাশে ডেকে নিয়ে হেলালের ওপর হামলা চালান। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। হেলাল ঘটনাটি দুজন জ্যেষ্ঠ সাংবাদিককে জানিয়েও কোনো প্রতিকার পাননি। ১ সেপ্টেম্বর তিনি আরাফাত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।
ওই মামলা দায়েরের পর ৩ সেপ্টেম্বর ‘বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়। ওই সংবাদ প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর আরাফত হোসেন বাদী হয়ে প্রথম আলোর প্রতিনিধি কবির হোসেন ও বন্ধুসভার সম্পাদকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা করেন।

মামলায় প্রথম আলোর প্রতিনিধির পক্ষে শুনানি পরিচালনা করেন মনির হোসেন বাবলু।