মানহানিকর বক্তব্য দেওয়ায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশ বিএনপির আরেক নেতাকে গ্রেপ্তার করেছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবদুল কুদ্দুছ (৪২) বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ জানায়, আবদুল কুদ্দুছ ৬ আগস্ট সামাজিক যোগাযোগ ফেসবুক অ্যাকাউন্টে মৌলভীবাজার-১ আসনের বিএনপির সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী সম্পর্কে তিনটি মানহানিকর কথা (স্ট্যাটাস) লেখেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার রাতে এবাদুর রহমান চৌধুরী বড়লেখা থানায় তথ্য ও প্রযুক্তি আইনে আবদুল কুদ্দুছের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরই পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে জেলার সুজাউল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গতকাল শনিবার বলেন, ‘আবদুল কুদ্দুছের ফেসবুকে লেখায় তিনি (এবাদুর রহমান) দুঃখ পেয়েছেন। তাঁরা বিষয়টি মিটমাট করার জন্য এবাদুর রহমান সাহেবের কাছে গিয়েছিলেন। তবে এর সমাধান হয়নি।’
এবাদুর রহমান চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় কমিটিতে তাঁর নাম উপদেষ্টা হিসেবে আলোচিত হওয়ায় আবদুল কুদ্দুছ এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। এসব স্ট্যাটাস ৬ আগস্টে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমার সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তিনটা স্ট্যাটাস দিয়েছে। আমি নাকি বিএনপিতে যোগ দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। দলের বিরুদ্ধে কাজ করে বড়লেখায় বিএনপিকে নির্মূল করেছি। দলের নেতারা এসেছিলেন। আমি বলেছি, সম্মানজনকভাবে শেষ করলে আমার আপত্তি নেই। তাঁরা পারেননি।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলার পরই আবদুল কুদ্দুছকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।