মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে এনবিআরকে সম্পৃক্ত করার পক্ষে সংসদীয় কমিটি
মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্পৃক্ত করতে চায় অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি দুদক ও এনবিআরের সঙ্গে বৈঠক করবে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুদকের সঙ্গে এনবিআর সম্পৃক্ত করা প্রয়োজন। কারণ এনবিআরের দক্ষ জনবল আছে। কিন্তু তা করতে হলে আইন সংশোধনের প্রয়োজন আছে। এ বিষয়ে কমিটি দুদক ও এনবিআরের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানাবে।
বৈঠকে সংসদে ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৫ নিয়ে আলোচনা হয়। আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, নাজমুল হাসান, টিপু মুনশি, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শওকত চৌধুরী অংশ নেন।