মানিককে টাকা দিয়ে ছাড়িয়ে নেন চালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে যাত্রী রেজাউল করিমকে ফেলে দিয়ে পালানোর সময় চালকের সহকারী মানিক সরকারকে স্থানীয় লোকজন ধাওয়া করে ধরে ফেলেছিল। পরে বাসটির চালক দিদারুল আলম লোকজনকে দুই হাজার টাকা দিয়ে মানিককে ছাড়িয়ে নেন বলে অভিযোগ।

পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এমন তথ্য দিয়েছেন গ্রেপ্তার মানিক সরকার। গত শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি থেকে মানিককে গ্রেপ্তার করে পিবিআই। গতকাল রোববার মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালত মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মানিক নগরের আকবরশাহ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর শনিবার রাতে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় লোকজনের হাতে ধরা পড়লে চালক দিদারুল দুই হাজার টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নেন।

পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, মানিক জানিয়েছেন, কিছুদূর দৌড়ানোর পর তিনি ধরা পড়েন। এরপর দিদারুল টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নেন। এ রকম হলেও হতে পারে। তারপরও বিষয়টি যাচাই করে দেখা হবে।

শনিবার রাতে পিবিআই কার্যালয়ে এই প্রতিবেদকের সঙ্গে মানিকের কথা হয়। এ সময়ও মানিক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ার বিষয়টি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মানিককে মামলার অন্যতম সাক্ষী বাসটির যাত্রী মো. সাইফুলের মুখোমুখি করা হয়। সাইফুলের কথার সঙ্গে মানিকের দেওয়া তথ্যের অমিল পাওয়া যায়। মানিক পুলিশকে বিভ্রান্ত করতে চান। তাই মানিকের রিমান্ড আবেদন করা হয়। মামলার অপর এজাহারভুক্ত আসামি চালক দিদারুল আলমকে ধরার চেষ্টা চলছে।

গত ২৭ আগস্ট দুপুরে নগরের প্রবেশমুখ সিটি গেটের পাশের গ্ল্যাক্সো কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লুসাই পরিবহন লিমিটেডের একটি বাস থেকে রেজাউল করিমকে ফেলে দেওয়া হয়। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রেজাউল মারা যান। এই ঘটনার পর যাত্রীদের চাপে গাড়ি থামিয়ে চালক দিদারুল আলম, সহকারী মানিক ও ছাদিকুল পালিয়ে যান।