মানিকগঞ্জ ও নরসিংদীতে দুই গৃহবধূকে হত্যা?
মানিকগঞ্জের দৌলতপুরে যৌতুকের দাবিতে কণা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার কণার শাশুড়িরও লাশ উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মনোহরদীতে গত শুক্রবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
দৌলতপুরে শুক্রবার সকালে কণা আক্তারের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে কণা আক্তারের শাশুড়ি মমতা বেগমের (৫২) লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, প্রায় ১০ মাস আগে দৌলতপুরের বহরাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে মনির হোসেনের সঙ্গে পাশের তালুকনগর গ্রামের জব্বার আলীর মেয়ে কণা আক্তারের বিয়ে হয়। ফাঁস নিয়ে কণা আত্মহত্যা করেছেন—এ খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কণার ভাই আরিফ হোসেন বাদী হয়ে ভগ্নিপতি মনির হোসেন, বোনের শ্বশুর মজিবর, শাশুড়ি মমতাসহ সাতজনকে আসামি করে মামলা করেন। শুক্রবার দুপুরে পুলিশ মনিরকে গ্রেপ্তার করে। এ ছাড়া গতকাল ভোরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা কণার শাশুড়ি মমতা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফ হোসেন বলেন, বোনের বিয়ের সময় যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। প্রায় দেড় মাস ধরে ব্যবসা করার জন্য তাঁদের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার জন্য ভগ্নিপতি মনির তাঁর বোনকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁর বোনকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করেন। বৃহস্পতিবার রাতের কোনো একসময় তাঁর বোনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। লাশ উদ্ধারের সময় তাঁর বোনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।
এদিকে মনোহরদীতে নিহত গৃহবধূর নাম হেনা বেগম (৩৫)। তিনি বাঘবের গ্রামের আবদুল কাদিরের মেয়ে ও উপজেলার মাছিমপুর গ্রামের আবদুস সাত্তার মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে সাত্তারের সঙ্গে হেনার বিয়ে হয়। তাঁদের দুই ছেলে আছে। বিয়ের তিন বছর পর সাত্তার বিদেশ চলে যান। এরপর হেনা বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। গত এপ্রিলে সাত্তার দেশে ফিরে দেড় মাস স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এ ঘটনায় স্থানীয় চালাকচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফখরুল মান্নানের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। সেখানে হেনাকে দেড় লাখ টাকা ও ৩ শতাংশ জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন সাত্তার। সালিসে ৫০ হাজার টাকার চেকও দেন সাত্তার। এরপর এক মাস গেলেও বাকি টাকা ও জমি রেজিস্ট্রি করে দেননি তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হয়েছে। এক সপ্তাহ আগে সাত্তার শ্বশুরবাড়িতে আসেন। সেখানে ঈদও করেন। শুক্রবার সন্ধ্যার পর হেনা ও সাত্তার তাঁদের শোয়ার ঘরে গিয়ে কথা বলেন। এরপর ঘর থেকে বের হয়ে যান তাঁরা। রাত সাড়ে আটটার দিকে সাত্তার বাড়িতে এসে শাশুড়ি ও অন্য লোকদের কাছে হেনার খোঁজ করেন। পরে বাড়ির পাশের জঙ্গলে গাছের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় হেনার লাশ পাওয়া যায়। এরপর মনোহরদী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে সাত্তার পলাতক।
এ বিষয়ে কথা বলতে গতকাল সকালে আবদুস সাত্তারের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।
মনোহরদী মডেল থানার এসআই ইউসুফ আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।