মানিকগঞ্জের সাটুরিয়া ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে অটোরিকশার দুই চালককে খুন করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকার অনেকের সঙ্গে কথা বলে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাটুরিয়ার দরগ্রাম এলাকা থেকে যাত্রী নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দেন সোহেল রানা (২০)। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাটুরিয়ার গোলড়া এলাকায় তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাটুরিয়া থানার পুলিশকে বিষয়টি জানায়। বিকেল চারটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সোহেল উপজেলার রৌহা গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা তাঁর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
মুন্সিগঞ্জ: বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ মদনখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে রেজাউল (৩৫) বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। রাত আটটার দিকে রেজাউলের সঙ্গে তাঁর মায়ের কথা হয়। এর পর থেকে রেজাউল নিখোঁজ ছিলেন। গতকাল সকাল আটটার দিকে উপজেলার সালেহপুর এলাকায় সড়কের পাশের ডোবায় তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। লাশের শরীরে ছুরির আঘাত ও গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে।
থানার ওসি মাহবুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, রেজাউলকে কুপিয়ে ও শ্বাসরোধ করে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আফজাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। অটোরিকশাটি সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ: গতকাল দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের পূর্ব পাড়ের শীতলক্ষ্যা নদীতে দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি কমপক্ষে পাঁচ-ছয় দিন আগের হওয়ায় শরীরের বিভিন্ন অংশ গলে গেছে। মুখমণ্ডলের বিভিন্ন স্থানের মাংস খসে গেছে। লাশের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। সদর থানা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।