মানিকগঞ্জে অজ্ঞাতনামা তরুণীর দগ্ধ লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে অজ্ঞাতনামা তরুণীর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই তরুণীকে হত্যার পর পেট্রল ঢেলে আগুন লাগিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের স্বরূপপুর গ্রামের একটি রাস্তার পাশে কলাবাগানে ওই তরুণীর দগ্ধ লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই তরুণীকে হত্যার পর শরীরে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা যাচ্ছে। তরুণীর মুখমণ্ডল ছাড়া শরীরের বাকি অংশ ঝলসে গেছে। তবে প্রাথমিক তদন্তে হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ওই তরুণীর পরিচয় এবং হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।