মানিকগঞ্জে আইন উপেক্ষা করে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আইন উপেক্ষা করে কৃষিজমিতে গড়ে তোলা হচ্ছে ইটভাটা। ভাটার পাশেই মুলজান গ্রামে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ইউনিয়ন পরিষদসহ আবাসিক এলাকা।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপনের কোনো বিধান নেই। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক এবং আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু এ আইন লঙ্ঘন করে স্থানীয় আবদুল মালেক ওই ভাটা স্থাপন করছেন।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ওই স্থানে ভাটা স্থাপনে ছাড়পত্রের জন্য আবদুল মালেক আবেদন করেছেন। কিন্তু ওই স্থানের আধা কিলোমিটারের মধ্যে রয়েছে জনবসতিপূর্ণ মুলজান গ্রাম। পাশে আরও আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ দিঘী ইউনিয়ন পরিষদ। এ কারণে আইন অনুযায়ী সেখানে ভাটা স্থাপনের কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এরপরও সেখানে ভাটা স্থাপনের উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কৃষিজমিতে আগাছা পরিষ্কার করা হয়েছে। জমিতে কোদাল দিয়ে মাটি সমান করা হচ্ছে। জমির এক পাশে বসানো হচ্ছে ইট তৈরির মাটি প্রক্রিয়াকরণ যন্ত্র। ইতিমধ্যে বেশ কিছু মাটি স্তূপ করে রাখা হয়েছে। পাশে ‘আবদুল মালেক ব্রিক ম্যানুফ্যাকচার কোম্পানি’ নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে। ভাটার ৪০০ থেকে ৫০০ গজ উত্তরে রয়েছে মুলজান গ্রাম। আশপাশে রয়েছে দুটি বিদ্যালয়, একটি হাসপাতাল, ইউনিয়ন পরিষদসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান।
ভাটাটি দেখভালের দায়িত্বে আছেন আতোয়ার হোসেন নামের এক ব্যক্তি। জানতে চাইলে তিনি আবদুল মালেকের সঙ্গে কথা বলতে বলেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল মালেক বলেন, ভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। ২০০ শতক জমির ওপর এই ভাটার নির্মাণ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, সামনাসামনি কথা বলব।’
জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আইনের তোয়াক্কা না করে তিন ফসলি জমিতে ইটভাটা করা হচ্ছে। এ ছাড়া ইট পোড়ানোর কালো ধোঁয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হবে বলে এলাকাবাসী ভাটার বিপক্ষে।
স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা বলেন, নির্মিতব্য ভাটার কাছে আরেকটি ভাটা রয়েছে। নতুন করে আর কোনো ভাটা হোক এলাকাবাসী চায় না। ভাটাটি নির্মিত হলে এখানকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এলাকাবাসীকে মারাত্মক সমস্যায় পড়তে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার বলেন, ‘ওই স্থানে নতুন কোনো ভাটা স্থাপনের বিষয়টি আমার জানা নেই। সরেজমিন খোঁজখবর নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’