মানিকগঞ্জে খাল ভরাট করে দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় খাল ভরাট করে সরকারি জায়গা দখল করা হচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই তৎপরতার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, যে স্থানে বালু ফেলে ভরাট করা হয়েছে, তা খাস খতিয়ানভুক্ত। এই খাল ভরাট করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষেধ করা হলেও তাঁরা তা মানছেন না। খালটি ভরাট বন্ধ করতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) লিখিতভাবে জানানো হয়েছে।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কেমিস্ট আবদুল্লাহ আল-মামুন বলেন, খাল, নদী বা যেকোনো জলাশয় ভরাট বন্ধে বিধিনিষেধ রয়েছে। সরেজমিনে খোঁজখবর নিয়ে খাল ভরাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে খালটির উৎপত্তি। খালটি মকিমপুর এলাকায় একই নদীতে গিয়ে মিশেছে। ওই খালের পাড় ঘেঁষে যাতায়াতের জন্য একটি রাস্তা বাসুদেবপুর হয়ে মকিমপুর খেয়াঘাটে গিয়ে মিলেছে। বর্ষাকালে ওই খালটিতে পানি প্রবাহিত হয়। তবে খালের দক্ষিণ পাড়ে বসতভিটা ও উত্তর পাশে রাস্তা নির্মাণ করায় খালটি এখন সরু হয়ে পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, মকিমপুর গ্রামে বাসুদেবপুর-মকিমপুর সড়কের দক্ষিণ পাশে খালের অনেকাংশ মাটি ফেলা হয়েছে। ওই খালের ৪০০ থেকে ৫০০ গজ দূরে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে দুটি শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে বালু তুলে খাল ভরাট করা হচ্ছে।
এলাকাবাসী বলেন, মকিমপুর গ্রামের জলিল হোসেন, আবদুল মজিদ, মরু মিয়া, আবদুল খালেক, নূর ইসলাম, সাখাওয়াত হোসেন, লুৎফর রহমান ও মহিদুল ইসলাম খাল ভরাটের সঙ্গে জড়িত। নিজেদের ভোগদখলের জন্য তাঁরা অবৈধভাবে এ কাজ করছেন। তাঁরা আরও বলেন, স্থানীয় দুই বালু ব্যবসায়ী আবদুর রশিদ ও বাবুল হোসেন নদীতে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তুলছেন। প্রায় এক মাস ধরে সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে খাল। তবে কথা বলার জন্য অনেক খোঁজাখুঁজি করেও রশিদ ও বাবুলকে পাওয়া যায়নি।
খাল দখলকারীদের মধ্যে স্থানীয় রাজীবপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মজিদ এবং স্থানীয় বাসিন্দা নূর ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। তাঁরা বলেন, বৃষ্টির কারণে খালের পাশের যাতায়াতের রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে। এ কারণে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা করেই খালে মাটি ফেলা হচ্ছে।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মজিদ রহমান বলেন, ‘আমি শুরু থেকেই খাল ভরাটের বিপক্ষে ছিলাম। এখনো তাঁদের নিষেধ করে যাচ্ছি। তার পরও তাঁরা তা মানছেন না।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল হক বলেন, ‘খাল ভরাট করে দখলের বিষয়টি আমার জানা নেই। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’