মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার ভট্রি গ্রাম থেকে আজ শনিবার সকালে রূপালি আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের শরীফ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে সদর উপজেলার চর মকিমপুর গ্রামের নেন্দু মিয়ার মেয়ে রূপালিকে বিয়ে করেন শরীফ হোসেন। এই দম্পতির একটি ছেলে ছিল। তবে সে মারা গেছে। বিয়ের পর থেকে সাংসারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া–বিবাদ লেগে থাকত। সম্প্রতি তাদের ঝগড়া হয়। আজ সকাল ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে তাঁর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রূপালির স্বামী শরীফ হোসেন রাজমিস্ত্রির কাজ করেন। তিনি বলেন, সাংসারিক নানা বিষয় নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া হতো। এতে তাঁর স্ত্রী আত্মহত্যা করবেন, তা তিনি ধারণা করেননি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) টুটুল উদ্দিন বলেন, দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।