মানিকগঞ্জে ছাত্রলীগ কর্মীর হাতে অধ্যক্ষ লাঞ্ছিত
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে আটক ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার ওই আটক ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
এদিকে আটক ছাত্রলীগের নেতা-কর্মীদের মুক্তি এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক শিক্ষককে নিয়ে অধ্যক্ষ সৈয়দ মো. ইকবাল মঈজ কলেজ ক্যাম্পাস পরিদর্শনে বের হন। এ সময় কলেজের ১৩০ নম্বর কক্ষে পাঁচ-ছয়জন বন্ধু নিয়ে হইচই করছিলেন সবুজ আহম্মেদ। অধ্যক্ষ তাঁদের শান্ত হতে বললে তাঁরা তাতে কান দেননি। পরে অধ্যক্ষ তাঁদের ধমক দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর সবুজসহ পাঁচ-ছয়জন তাঁকে কিল-ঘুষি মারেন। এরপর সেখান থেকে সরে আসার পথে ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
সবুজ ওই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহার সমর্থক এবং দলের একজন সক্রিয় কর্মী।
এ ঘটনায় ওই দিনই সবুজসহ পাঁচ-ছয়জনকে আসামি করে কলেজের অধ্যক্ষ থানায় মামলা করেন। এ ঘটনায় শুক্রবার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহা ও সহসভাপতি সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সেই সঙ্গে ছাত্রলীগের কর্মী মো. তাসিনকে পুলিশ গ্রেপ্তার করে।
এ ঘটনায় গতকাল দুপুর ১২টার দিকে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি এবং সদর থানার ওসি আমিনুর রহমানকে অপসারণের দাবিতে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শহরের শহীদ রফিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে সদর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাঁদের সরে যেতে অনুরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ওসির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান এবং জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।
এরপর ওসির অপসারণের দাবিতে ওই সড়কে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়কের পাশে কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিক্ষোভটি শহরের বিজয়মেলা মাঠে গিয়ে শেষ হয়। এদিকে বেলা দুইটার দিকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে ছাত্রলীগের নেতা তাপস সাহা ও সাইফুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আমিনুর রহমান বলেন, কলেজের অধ্যক্ষকে মারধরের মামলায় আসামি তাসিনকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।