মানিকগঞ্জে ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন দগ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। গত রাতে কিশোরগঞ্জে পেট্রলবোমায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জে পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকের চালক ইকবাল হোসেন (৩৪), চালকের সহকারী সুমন (১৬) ও যাত্রী আবুল কালাম (৪৫)। চিকিৎসাধীন আবুল কালামের দেওয়া তথ্য উল্লেখ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে আকিজ গ্রুপের মাল নিয়ে তাঁরা মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। ভোরে কয়েকজন দুর্বৃত্ত গোলড়া বাসস্ট্যান্ডের কাছে ট্রাকে পেট্রলবোমা ছোড়ে। এ সময় তাঁরা দগ্ধ হন।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পালের ভাষ্য, চালক ইকবালের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ দুজন ঢাকা মেডিকেলে
কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত এলাকায় গত রাতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা হলেন জাহেদা বেগম (৪৫) ও আবদুল মালেক (৪২)। ওই হামলায় অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।

ডা. পার্থ শঙ্কর পালের ভাষ্য, জাহেদার দুই হাত ও আবদুল মালেকের দুই হাত, দুই পাসহ শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে।

প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি সিলেটের উদ্দেশে নেত্রকোনা থেকে ছেড়ে যাচ্ছিল। রাত সোয়া ১১টার দিকে বাসটিতে পেট্রলবোমা হামলায় মুহূর্তেই সেটিতে আগুন ধরে যায়। বেশির ভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন।