মানিকগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাড়ি থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাজিনগর গ্রামে তরুণীর শ্বশুর বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।
মৃত দুজন হলেন দেলোয়ার হোসেন (২২) ও সুইটি আক্তার (২০)। দুজনেরই বাড়ি হাজিনগর গ্রামে।
পুলিশ, এলাকাবাসী ও পরিবারের ভাষ্য, দেড় বছর আগে সুইটির বিয়ে হয়। তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে থাকেন। গতকাল রাত ১০টার দিকে সুইটির শ্বশুর বাড়িতে আসেন দেলোয়ার। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। একপর্যায়ে কে বা কারা ওই বাড়ির বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। পরে দিবাগত রাত ১২টার দিকে কাঁচাপাকা ঘরের একটি কক্ষে দেলোয়ার ও সুইটির ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে রাতেই লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুইটির শ্বশুর বাড়ির লোকজন বলছে, বিষয়টি তাদের জন্য বিব্রতকর।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, দেলোয়ারের সঙ্গে সুইটির একটা সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়ায় লোকলজ্জার ভয়ে তাঁরা আত্মহননের পথ বেছে নিতে পারেন। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা তালা দিয়েছে, তাদের বের করার চেষ্টা চলছে।