মানিকগঞ্জে দুই দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার গুলটিয়া গ্রামে এক স্কুলছাত্র দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে অপহরণ করা হয়েছে।
ওয়াসিম আহম্মেদ ওরফে দ্বীপ (১৪) নামের অষ্টম শ্রেণির ওই ছাত্র গুলটিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ শহরে কোচিংয়ে যাওয়ার উদ্দেশে গুলটিয়া গ্রামের বাড়ি থেকে বের হয় ওয়াসিম। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গতকাল বুধবার মুঠোফোনে ওয়াসিমের বাবা আবদুল বারেক প্রথম আলোকে বলেন, বাড়ির পাশে সাড়ে ৬ শতক জমি নিয়ে তাঁর বড় ভাই আবদুল করিমের সঙ্গে বিরোধ চলছে।
এ নিয়ে আদালতে তিনি মামলাও করেছেন । তিনি অভিযোগ করেন, মামলা করার পর তাঁর ভাই তাঁকে ও তাঁর একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেন। এর ধারাবাহিকতায় তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে।
মুঠোফোন ব্যবহার না করায় এ ব্যাপারে আবদুল করিমের সঙ্গে কথা বলা যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে তাঁর বড় ছেলে ইকবাল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা। হয়রানির করতে সন্তানকে লুকিয়ে রেখে মিথ্যা অপহরণের অভিযোগ করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রমহমান বলেন, ওই ছাত্র নিখোঁজের বিষয়ে তদন্ত এবং তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।