মানিকগঞ্জে দুটি কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে সিলিন্ডারে ভরে গ্যাস সরবরাহ করার সময় দুটি সিএনজি ফিলিং স্টেশন থেকে দুটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক কবির হোসেন (৩৮) ও সাইফুল ইসলাম (২০), চালকের সহকারী নাদিম হোসেন (২৯), ফিলিং স্টেশনের কর্মচারী সেন্টু ইসলাম (২০) ও রিপন সরকার (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জে চরম গ্যাস-সংকট চলছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য নগরবাসী আন্দোলন করছে। এ পরিস্থিতিতেও জেলায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে রাতের বেলায় সিলিন্ডারে ভরে গ্যাস পাচার করা হচ্ছে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করা হয়েছে।
জানতে চাইলে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক রতন চন্দ্র দে বলেন, সিলিন্ডারে ভরে গ্যাস কেনাবেচা বা সরবরাহ করা নিষিদ্ধ। এ বিষয়টি সিএনজি ফিলিং স্টেশনগুলোকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।