মানিকগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামালপুর গ্রাম থেকে আজ রোববার সকালে পুলিশ মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মনোয়ারা বেগম বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ছিলেন। তাঁর বাড়ি জামালপুর গ্রামে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার জানায়, গতকাল শনিবার দুপুরে মনোয়ারা বেগম আনোয়ারা উপজেলার জয়মণ্ডপ এলাকায় তাঁর ভাগনির শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাত আটটার দিকে যাত্রীবাহী বাসে করে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের বাইমাইল বাসস্ট্যান্ডে নামেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ ভোরে জামালপুর গ্রামের একটি রাস্তার পাশে মনোয়ারার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সকাল আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, জমিসংক্রান্ত কোনো বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।