মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার পরদিন হেনা আক্তার (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আউটপাড়া গ্রামে বাড়ির অদূরে একটি পুকুর থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
হেনা আক্তার আউটপাড়া গ্রামের হাসান আলীর মেয়ে এবং স্থানীয় রাওয়ান ইবনে রমজান ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বাড়ির পাশে ছেলেমেয়েদের সঙ্গে খেলতে যায় হেনা। সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে খুঁজে পাননি স্বজনেরা। গতকাল সকালেও স্বজনেরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন তাঁরা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির দুই চোখের পাতায় ক্ষতচিহ্ন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, প্রাথমিক অবস্থায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অধিকতর তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মানসিক প্রতিবন্ধী এক মামাকে আটক করা হয়েছে।
ডোবায় শিশুর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি জানান, জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামে গতকাল বিকেলে ডোবায় পড়ে ইলমা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বেলাশী গ্রামের সোলায়মান মিয়ার মেয়ে।
শিশুটির পরিবার জানায়, পার্শ্ববর্তী কপালেশ্বর গ্রামে নানির বাড়ি বেড়াতে গিয়ে ইলমা অন্য শিশুদের সঙ্গে একটি ডোবায় গোসল করতে যায়। একপর্যায়ে সে তলিয়ে যায়। এ সময় শিশুরা চিৎকার করলে লোকজন শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। এরপর স্থানীয় বেলাশী কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।