মানিকগঞ্জে পারিবারিক বিরোধে দুজন খুন
মানিকগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে হামলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর গোবিন্দল গ্রামে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নান্নু মোল্লা (৬০) ও তাঁর চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)। আহত হয়েছেন নান্নু মোল্লার ভাই করিম মোল্লা (৪৬) ও নান্নু মোল্লার স্ত্রী কমলা বেগম (৪৫)।
নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ থেকে জানা গেছে, উত্তর গোবিন্দল গ্রামের মৃত দিরগজ মোল্লার তিন ছেলে নান্নু মোলা, অহেদ আলী মোল্লা ও করিম মোল্লা এবং তিন মেয়ে রাজিয়া বেগম, হেলেনা বেগম ও হাসিনা আক্তার। প্রায় ২০ বছর আগে কাজের জন্য বাহরাইনে যান হাসিনা। বিদেশে থাকা অবস্থায় হাসিনা বড় বোন রাজিয়ার কাছে বিভিন্ন সময়ে প্রায় ২৮ লাখ টাকা পাঠান। ওই টাকায় ৩৬ শতক জমি কেনা হয়। বাকি টাকাগুলো রাজিয়ার ছেলে আবদুর রশিদ, জাহিদুল ইসলাম ও জসিম উদ্দিন হাতিয়ে নেন। এ ছাড়া ওই জমিও তাঁরা ভোগদখল করে আসছিলেন। প্রায় ছয় মাস আগে নিঃসন্তান হাসিনা বাহরাইনে মারা গেলে তাঁকে সেখানেই দাফন করা হয়। এরপর থেকে এসব অর্থ ও জমির ভাগ–বাঁটোয়ারা নিয়ে মামাদের সঙ্গে ভাগনেদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।
অভিযোগ থেকে আরও জানা গেছে, গতকাল সকাল পৌনে আটটার দিকে গ্রামের মাতব্বর আজিজ মোল্লা তাঁর চাচাতো ভাই নান্নু ও করিমকে নিয়ে ভগ্নিপতি শামসুল ইসলামের বাড়িতে যান। এর পরপরই উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাগনে রশিদ, জাহিদুল ও জসিম এবং তাঁদের বাবা শামসুল ইসলামসহ ১০-১২ জন ঘরের ভেতর থেকে বল্লম, টেঁটা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এ সময় নান্নু মোল্লার স্ত্রী কমলা এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা করেন। হামলায় ঘটনাস্থলেই নান্নু ও আজিজ নিহত হন। বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম জানান, গুরুতর আহত অবস্থায় করিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং কমলাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে করিমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও র্যা ব-৪–এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে হামলায় জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তবে শিগগিরই তাঁদের আটক কিংবা গ্রেপ্তারে থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।