মানিকগঞ্জে পুলিশের বাধা, লাঠিপেটায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীববৈচিত্র্য ধ্বংসকারী’ রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চের প্রথম দিন গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জে সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন।
এর আগে সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সুন্দরবন অভিমুখে তিন দিনের রোডমার্চ কর্মসূচি শুরু করে বাম মোর্চা। এর আগে সেখানে সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, দেশের মানুষ, ইউনেসকোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে সরকার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, যা সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এর কয়লা ও বর্জ্য সমগ্র পরিবেশকে বিপর্যস্ত করবে। তাঁরা অবিলম্বে এ প্রকল্প স্থগিত করার দাবি জানান।
মোর্চার সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ, অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকৌশলী বি ডি রহমতুল্লাহ প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের বিজয় মেলা মাঠসংলগ্ন কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ১০-১২টি বাস ও পিকআপ ভ্যানে করে বাম মোর্চার নেতা-কর্মীরা সেখানে পৌঁছালে পুলিশ সমাবেশ করতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মোর্চার নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। এতে বাম মোর্চার কেন্দ্রীয় নেতা মোশরেফা মিশু, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তীসহ ১০ জন আহত হন। এঁদের মধ্যে মোশরেফা মিশু বেশি আঘাত পেয়েছেন বলে মোর্চার নেতারা জানান। অবশ্য পুলিশের বাধায় ছত্রভঙ্গ হওয়ার ১৫-২০ মিনিট পর মোর্চার নেতা-কর্মীরা আবার একত্র হয়ে মিছিল বের করেন, সেটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, সমাবেশ ও মিছিল করার কোনো অনুমতি ছিল না, তাই বাধা দেওয়া হয়। কিন্তু বাম মোর্চা বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করলে সামান্য লাঠিপেটা করা হয়। এতে কেউ আহত হননি বলে ওসি দাবি করেন।
তবে বাম মোর্চার মানিকগঞ্জের সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম বলেন, কর্মসূচি পালনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছিলেন এবং তাঁরা মৌখিক সম্মতি দিয়েছিলেন।