মানিকগঞ্জে বাড়ছে তামাক চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলায় তামাক চাষ বেড়েছে। এ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন অনেক চাষি। খেত থেকে তামাক পাতা তুলে এনে বাড়িতে প্রক্রিয়াজাত করার ছবিটি গত সোমবার সাটুরিয়া উপজেলার সাভার গ্রাম থেকে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জ জেলায় তামাক চাষ বেড়েছে। এ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন অনেক চাষি। খেত থেকে তামাক পাতা তুলে এনে বাড়িতে প্রক্রিয়াজাত করার ছবিটি গত সোমবার সাটুরিয়া উপজেলার সাভার গ্রাম থেকে তোলা l প্রথম আলো

তামাকজাতদ্রব্য প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন কোম্পানির লোকজন কৃষকদের উৎসাহিত করায় মানিকগঞ্জে তামাক চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
কয়েকজন তামাকচাষি বলেন, তামাক চাষে যে পরিমাণ সার লাগে, তার অধিকাংশই তামাক প্রক্রিয়াকরণ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাই দেয়। তা ছাড়া জমিতে তামাক চাষে যাবতীয় পরামর্শ তারাই দিয়ে থাকেন। সপ্তাহে দুদিন তামাক চাষের খোঁজখবর নিতে মাঠে আসে এসব কোম্পানির প্রতিনিধি। আবার উৎপাদিত তামাক তারাই কিনে নেয়।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্তনের উদ্দেশ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। একই আইনে বলা আছে, তামাকজাত দ্রব্য উৎপাদন ও এর ব্যবহার ক্রমাগত নিরুৎসাহিত করতে এবং তামাকজাত সামগ্রীর শিল্প স্থাপন, তামাকজাতীয় ফসল উৎপাদন ও চাষ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে পারবে সরকার।
মানিকগঞ্জ সদর হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার বলেন, তামাকজাত দ্রব্য সেবন বা ব্যবহারে হৃদ্রোগ, ফুসফুসে সমস্যা এমনকি ক্যানসারও হতে পারে। তামাক পাতার ঝাঁজ শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। শ্বাস-প্রশ্বাস ও ফুসফুসের সমস্যার আশঙ্কা থাকে।
সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টার (স্যাক) নামের পরিবেশবাদী একটি উন্নয়ন সংস্থা তামাক চাষে জেলায় কৃষকদের নিরুৎসাহিত করতে কাজ করছে। এর নির্বাহী প্রধান দীপক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, তামাক চাষের পর জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা নষ্ট হয়ে যায়।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর, সাটুরিয়া, ঘিওর ও দৌলতপুর উপজেলায় ব্যাপকভাবে তামাক চাষ শুরু হয়েছে। ২০১১ সালে জেলায় ১ হাজার ৫৬৪ হেক্টর জমিতে তামাক আবাদ করা হয়। তামাক উৎপাদিত হয় ২ হাজার ৮৯৩ মেট্রিক টন। একইভাবে ২০১২ সালে ১ হাজার ২৮৮ হেক্টর জমিতে ১ হাজার ৯২০ মেট্রিক টন, ২০১৩ সালে ২ হাজার ৩৩ হেক্টর জমিতে ৩ হাজার ৯০ মেট্রিক টন, ২০১৪ সালে ২ হাজার ২০০ হেক্টর জমিতে ৩ হাজার ৪১০ মেট্রিক টন তামাক হয়। চলতি বছর ২ হাজার ৫৪৪ হেক্টর জমিতে ৪ হাজার মেট্রিক টনের বেশি তামাক উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সাটুরিয়া উপজেলার তিল্লী, দরগ্রাম ও বরাইদ ইউনিয়নের বেশির ভাগ গ্রাম এবং সদরের গড়পাড়া ও জাগীর ইউনিয়নের অধিকাংশ গ্রামে তামাক চাষ করা হয়েছে।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। চাষিদের সচেতন করতে গ্রামে গ্রামে সভা ও বৈঠক করা হচ্ছে। তবে তামাক চাষ বন্ধে কোনো আইন না থাকায় ওই সব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।