মানিকগঞ্জে ব্যবসায়ী খুন
মানিকগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দক্ষিণ চর মকিমপুর গ্রামে প্রতিবেশীর বাড়ির পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম মাজেম ব্যাপারী (৪৫)। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। পরকীয়ার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে নিহত ব্যক্তির স্বজনেরা অভিযোগ করেছেন। এ ঘটনায় টুটুল মিয়া (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মাজেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী দুখু মিয়ার ছেলে সোহাগ হোসেন (২২)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে দুখু মিয়ার বাড়ির পাশে মাজেমের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুখু মিয়ার বাড়ির সবাই পলাতক।
মাজেমের ভাই রফিজ উদ্দিন ব্যাপারী বলেন, দুখু মিয়ার স্ত্রী হাবিয়া বেগমের (৪০) সঙ্গে মাজেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, সোহাগ ও তাঁর স্বজনেরা তাঁর ভাইকে খুন করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম বলেন, লাশের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। বুকে ও কাঁধে কালো দাগও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত মাজেমের স্ত্রী জুলেখা বেগম সোহাগ ও তাঁর মা হাবিয়া বেগমসহ আটজনকে আসামি করে মামলা করেছেন।