মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নাসির উদ্দিন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাস্তা এলাকায় নাসির উদ্দিন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার নিহত নাসিরের বাড়ির সামনে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ আবু জাফর নামের একজনকে আটক করেছে।

নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের ইসহাকের ছেলে। তিনি স্থানীয় বাস্তা বাজারে মুদিমালের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনার জেরে বাস্তা গ্রামের সফর উদ্দিন ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে সামান্য মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত সাড়ে আটটার দিকে সফর উদ্দিনের ছেলে লাবু মিয়া ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে নাসিরের বাড়ির সামনে যান। এ সময় নাসির ও তাঁর লোকজনের ওপর হামলা করে লাবুর লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত নাসির মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যান। এই হামলার সময় নাসিরের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে লাবু আহত হন।

পরে স্থানীয় লোকজন নাসিরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত লাবুকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) এবং সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নাসিরের লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে সাভার মডেল থানার পুলিশ। এ ঘটনায় নিহত নাসিরের পরিবারের পক্ষ থেকে সিঙ্গাইর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।