মানিকগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কয়েকজন তরুণ স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম নাসির উদ্দিন সামি (২৮)। তিনি দৈনিক খোলা কাগজ ও অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে বাইমাইল গ্রামের জাকির হোসেন (৩০), সাইফুল ইসলামসহ (২৮) চার-পাঁচজন একটি বাঁশঝাড়ে জুয়া খেলছিলেন। একপর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। অন্যরা পালিয়ে যান। এরপর স্থানীয় গণমান্য ব্যক্তিদের অনুরোধে মুচলেকা নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় পুলিশ। পরে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের বাইমাইল বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে পৌঁছালে জাকির, সাইফুলসহ চার-পাঁচজন তরুণ লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
নাসির উদ্দিন বলেন, জুয়াড়িদের ধারণা, পুলিশে খবর দিয়ে তিনি (নাসির) তাঁদের ধরিয়ে দিয়েছেন। ছাড়া পাওয়ার পর তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন জুয়াড়িরা।
গতকাল বুধবার বিকেলে ফোন করার চেষ্টা করেও জাকির ও সাইফুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, জাকির, সাইফুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।