মানিকগঞ্জের হরিরামপুরে স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক বখাটে। ঢাকার সাভারে আরেক বখাটে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে গত বুধবার রাতে বখাটের হাতে খুন হওয়া ব্যক্তি হলেন বিল্লাল হোসেন (৪৫)। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিল্লাল হোসেনকে বখাটে সুমন মিয়া খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। সুমন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।
স্কুলছাত্রীর পরিবার, পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বাড়ি হরিরামপুরের পাশে শিবালয় উপজেলার কাক্কোল গ্রামে। তিনি হরিরামপুরের মাচাইন গ্রামের বাজারে দরজির কাজ করতেন। পাশাপাশি একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। দীর্ঘদিন ধরে তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিলেন দক্ষিণ খানপুর গ্রামের সুমন (২২)। বিল্লাল এ নিয়ে সুমনের অভিভাবকদের কাছে নালিশ করেন, কিন্তু ফল পাননি। সম্প্রতি মেয়েটির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান সুমন। এতে তারা আপত্তি জানায়।
বুধবার রাত আটটার দিকে দোকান বন্ধ করে বিল্লাল সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজন ও প্রতিবেশীরা তাঁকে খুঁজতে থাকেন। রাত একটার দিকে মাচাইন গ্রামে খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ দেখেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিল্লালের ভাই জিলাল হোসেনের অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সুমন তাঁর ভাইকে হত্যার হুমকি দিয়েছিলেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ডান পায়ে হাঁটুর নিচে ও গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
সুমন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। সুমনের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিল্লালের স্ত্রী আফরোজা বেগম ওই ঘটনায় হত্যা মামলা করেছেন। এতে সুমনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
পোশাকশ্রমিককে হত্যা: ঢাকার সাভারের হেমায়েতপুরে এক বখাটের ছুরিকাঘাতে কল্পনা খাতুন নামে এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। ছুরিকাঘাতকারী লেন্টু মোল্লাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
কল্পনা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। দুজনই হেমায়েতপুরে পোশাক কারখানায় কাজ করতেন, থাকতেন হেমায়েতপুরের নতুনপাড়ায়। নড়াইলের কালিয়া উপজেলার ভোমভাগ গ্রামের লেন্টুও নতুনপাড়ায় থাকেন। একসময় পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
আবদুর রাজ্জাক অভিযোগ করেন, কর্মস্থলে যাতায়াতের পথে লেন্টু তাঁর স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে সাড়া না পেয়ে লেন্টু তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিসও হয়। এরপরও লেন্টু থামেননি। বুধবার বেলা একটার দিকে কল্পনা খাবার খেতে কর্মস্থল থেকে বাসায় আসছিলেন। পথে হাজী ভবনের সামনে লেন্টু তাঁকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে ধরে পিটুনি দেয় এবং কল্পনাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে কল্পনা মারা যান।
এ ঘটনায় আবদুর রাজ্জাক সাভার মডেল থানায় লেন্টুকে আসামি করে হত্যা মামলা করেছেন। সাভার থানার উপপরিদর্শক এ বি এম শাহ্ আলম বলেন, জনতা লেন্টুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ওসি কামরুজ্জামান বলেন, লেন্টু প্রাথমিক জিজ্ঞাসাবাদে কল্পনাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।