মানিকগঞ্জে হামলায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রতিবেশীদের হামলায় এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন যুবকের মা ও মামা।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হরগজ গ্রামে এ ঘটনা ঘটে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এই হামলা হয় বলে বলা হচ্ছে।

নিহত যুবকের নাম সুশান্ত চন্দ্র সরকার (২৪)। বাড়ি হরগজ গ্রামে। বাবা কৃষ্ণপদ বেঁচে নেই।

হামলায় আহত হয়েছেন সুশান্তের মা তাপসী সরকার ও মামা মন্টু চন্দ্র সরকার। তাপসীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মন্টুকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত মন্টুর ভাষ্য, প্রতিবেশী কমল চন্দ্র সরকার ও তাঁর স্বজনেরা লোহার রড, লাঠিসোঁটা নিয়ে ওই হামলা করেন। হামলায় আরও অংশ নেন বিমল চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, পরেশ চন্দ্র সরকার, সাগর চন্দ্র সরকার।

ঘটনার ব্যাপারে তাৎক্ষণিকভাবে অভিযোগ ওঠা ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্যমতে, কয়েক মাস আগে মন্টুর কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন কমল। পাওনা টাকা নিয়ে গতকাল রাত আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কমলের সঙ্গে মন্টুর ঝগড়া হয়। তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। রাত নয়টার দিকে কমল ও তাঁর স্বজনেরা মন্টুর বাড়িতে গিয়ে হামলা চালান। তাঁরা মন্টু ও তাপসীকে মারধর করতে থাকেন। এ সময় সুশান্ত এসে বাধা দেন। তাঁকেও মারধর করেন হামলাকারীরা। একপর্যায়ে সুশান্ত মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য প্রতিবেশীরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুশান্তকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে চিকিৎসাধীন মন্টু সরকারের ভাষ্য, পাওনা টাকা চাওয়ায় এর আগেও কমল তাঁকে বেশ কয়েকবার বকাঝকা করেন। সবশেষ গতকাল রাতে কমল ও তাঁর স্বজনেরা তাঁদের ওপর হামলা চালান।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে সুশান্তের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা যাচ্ছে না।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ ওঠা ব্যক্তিদের এখন পর্যন্ত ধরা যায়নি।