মানিকগঞ্জে 'কষ্টিপাথরের মূর্তি' উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসাইল গ্রাম থেকে গত মঙ্গলবার সাড়ে ছয় কেজি ওজনের একটি ‘কষ্টিপাথরের মূর্তি’সহ পাঁচজনকে আটক করেছে র্যাব। ওই রাতেই তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিবালয় থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের চান মিয়া (৭০), পয়লা গ্রামের ইসমাইল হোসেন (৩২), সাটুরিয়া উপজেলার নয়াডাঙ্গি গ্রামের রঞ্জিত সরকার (৩৫), গোলড়া পূর্বপাড়া গ্রামের আলমগীর শেখ ও দেলোয়ার হোসেন (২৭)।
র্যাব-৪-এর ঢাকার সাভার ক্যাম্প ও পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার পাঁচজন মূর্তি ও কষ্টিপাথর পাচার চক্রের সদস্য। তাঁরা কষ্টিপাথরের মূর্তিটি বিক্রির চেষ্টা করছিলেন। সম্প্রতি র্যাবের একটি দল ক্রেতা সেজে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার বেলা তিনটার দিকে মূর্তি দেখানোর জন্য তাদের বাসাইল গ্রামের একটি সুপারিবাগানে নিয়ে যাওয়া হয়। মূর্তি দেখানোর পর পাচার চক্রের সদস্যরা ২০ কোটি টাকা দাম হাঁকেন। এ সময় র্যাব সদস্যরা মূর্তিসহ তাঁদের আটক করেন। রাতে পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে র্যাব।