মানিকগঞ্জের চরাঞ্চলে ৫ ডাকাত আটক
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্গম চরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ডাকাত সন্দেহে পাঁচ যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া ডাকাতি করা সন্দেহে ১৫টি গরু ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক যুবকেরা হলেন পাবনার বেড়া উপজেলার পুকুরপাড় গ্রামের সোনাই মিয়া, শিবালয়ের আলোকদিয়া চরের মিন্টু মোল্লা, সাদ্দাম মোল্লা, সোহেল রানা ও আকাশ হোসেন।
পুলিশ জানিয়েছে, কোরবানির ঈদ সামনে রেখে যমুনা নদীর চরাঞ্চলবাসী গরু ও ছাগল পালন করে থাকেন। ঈদের আগে চরাঞ্চলগুলোতে গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। এ ছাড়া পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পর অপরাধীরা শিবালয়ের আলোকদিয়া চরাঞ্চলে আশ্রয় নিয়ে থাকে। গতকাল ভোর থেকে বেলা একটা পর্যন্ত আলোকদিয়া চরাঞ্চলে অভিযান চালানো হয়। পুলিশের শতাধিক সদস্য এই অভিযানে অংশ নেন। অভিযানে পাঁচজনকে আটক হয়।