মানিকগঞ্জের দুই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারকারী দলের এক সদস্যের বেশি বেতনের প্রলোভনে ধারদেনা করে এস এম সোহেল তাঁর ছেলে আশরাফুল হককে (২২) ওমানে পাঠান। কিন্তু ভালো বেতন তো দূরের কথা, কাজের কথা বললেই সেখানে আশরাফুলকে করা হয় নির্যাতন। এখন খোঁজই মিলছে না তাঁর।
আশরাফুলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বরঙ্গখোলা গ্রামে। ছেলের সন্ধান ও তাঁকে দেশে ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এস এম সোহেল।
একই পাচারকারী চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ রয়েছেন সদর উপজেলার রৌহাদহ গ্রামের জাকির মিয়া (৩০)। এ ছাড়া ওই চক্রের খপ্পরে পড়ে ওমানে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন ঘিওরের এক গৃহবধূ (৪৫) ও হরিরামপুরের সোনাকান্দর গ্রামের মঈনুল ইসলাম (২৮)।
মানব পাচার ও দুই যুবক নিখোঁজের নেপথ্য: ঘিওরের রামদিয়া গ্রামের ওমানপ্রবাসী মো. হাসানের স্ত্রী সালমা বেগমের বাবার বাড়ি আর সোহেলের বাড়ি একই গ্রামে। গত বছরের জানুয়ারিতে ভালো বেতনে আশরাফুলকে ওমানে হোটেলে চাকরি দেওয়ার আশ্বাস দেন সালমা। তাঁর কথামতো গত বছরের ৫ সেপ্টেম্বর ধারদেনা করে ৪ লাখ টাকায় ছেলেকে ওমান পাঠান সোহেল।
সোহেল বলেন, ওমান যাওয়ার পর দীর্ঘদিন ছেলের খোঁজ পাননি। প্রায় ছয় মাস পর মুঠোফোনে ছেলে বলেন, ‘আব্বু, আমাকে বাঁচাও, আমি অনেক কষ্টে আছি। আমাকে কাজ না দিয়া মারধর করে একটি ঘরে আটকে রেখেছে।’ এরপর থেকে তিনি আশরাফুলের খোঁজ পাচ্ছেন না। হাসান ওমানে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সালমাও বাড়ি ছেড়ে ঢাকায় পালিয়ে আছেন।
এদিকে জাকিরের খোঁজ না পেয়ে দুই সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী মুক্তা আক্তার। তিনি বলেন, প্রায় সাত মাস আগে সালমা ৪ লাখ টাকা নিয়ে জাকিরকে ওমান পাঠান। বিভিন্ন এনজিও ও আত্মীয়স্বজনের কাছ থেকে তিনি ওই টাকা ঋণ নিয়েছেন। ওমান যাওয়ার পর স্বামীর খোঁজ পাচ্ছেন না। জাকিরকে হাসান কাজকর্ম না দিয়ে আটকে রেখে মারধর করছেন বলে শুনেছেন। এদিকে পাওনাদারেরা টাকার জন্য চাপ দিচ্ছেন।
পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূ: সালমার মাধ্যমে ওমান যাওয়া পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূ ও মঈনুল সম্প্রতি দেশে ফিরেছেন। ওই গৃহবধূ বলেন, ৭০ হাজার টাকা খরচ করে গত বছরের জুলাইয়ে তিনি ওমান যান। বিমানবন্দরে যাওয়ার পর হাসান তাঁকে গাড়িতে করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিন দিন থাকার পর চাকরির কথা বলে এক হোটেলে নিয়ে আটকে রাখা হয়। ওই হোটেলে তাঁকে যৌনবৃত্তিতে বাধ্য করা হয়। প্রায় আট মাস পর তিনি হোটেল থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় চান। বাড়ি থেকে স্বামী বিমান ভাড়ার টাকা পাঠালে পুলিশ তাঁকে দেশে পাঠিয়ে দেয়।
মঈনুল বলেন, গত ১৯ এপ্রিল সাড়ে ৩ লাখ টাকায় সালমা তাঁকে ওমান পাঠান। ওমান বিমানবন্দর থেকে হাসান তাঁকে এক বাড়িতে নিয়ে যান। এরপর তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। ওই কক্ষে আশরাফুল ও জাকিরকেও রাখা হয়। দিনে একবার খাবার দিত। কাজের কথা বললে তাঁদের রড দিয়ে পেটাতেন হাসান। তাঁদের সঙ্গে ওই বাড়িতে আশরাফুল ও জাকির ছাড়াও বাংলাদেশি আরও ১৫-২০ জন যুবক ছিলেন। তবে মাস খানিক পর আশরাফুল ও জাকিরকে অন্যত্র নেওয়া হয়। পরে সেখান থেকে তিনি (মঈনুল) পালিয়ে যান। দেশের বাড়ি থেকে ২০ হাজার টাকা পাঠালে পুলিশ তাঁকে দেশে পাঠায়।
ভুক্তভোগীরা বলেন, সালমা ও মানব পাচার চক্রের সদস্যদের মাধ্যমে হাসান ওমানে মানব পাচার করেন। নারীদের ওমানে নিয়ে তিনি পতিতাবৃত্তির কাজে ব্যবহার করেন।
এ ব্যাপারে সালমা গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ সঠিক নয়। তাঁদের নির্যাতন করা হয়নি। আশরাফুল ও জাকির অন্য কোম্পানিতে কাজ করছেন। নির্যাতিতা নারীর বিষয়ে তিনি বলেন, ওই অভিযোগও মিথ্যা। ওই নারী এক বাড়িতে গৃহস্থালির কাজ করতেন। তবে বাড়ির মালিক তাঁর কাজে সন্তুষ্ট না হওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে ওমানে বাংলাদেশ হাইকমিশনকে বিষয়টি জানানো হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।