মানিকনগর সড়কের কাঁচাবাজার উচ্ছেদের পর আবার দখল
উঠিয়ে দেওয়ার পরও মানিকনগর প্রধান সড়কের ওপর কাঁচাবাজারটি আবার বসে গেছে। সেখানে সকাল-সন্ধ্যা চলছে বেচাকেনা। তবে সড়কের ওপর বসার জন্য দুই বেলাই চাঁদা দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
গতকাল রোববার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, সড়কজুড়ে বসেছে কাঁচাবাজার। হাঁটার মতো অবস্থাও নেই। বিক্রি হচ্ছে সবজি, আলু-পটল থেকে শুরু করে মুরগি, ইলিশ মাছ পর্যন্ত।
এলাকাবাসী জানান, প্রায় ছয় মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কাঁচাবাজারটি উচ্ছেদ করেছিল। কিন্তু এক মাসের মধ্যেই আবার বসে যায়। এলাকার কিছু লোক বাজারটি আবার বসানোর পরিবর্তে স্থায়ী বাজার নির্মাণের দাবি করেছিলেন। এলাকার প্রভাবশালী কিছু লোক তখন আপাতত প্রধান সড়কেই কাঁচাবাজারটি বসানোর পক্ষে অবস্থান নেন। তাঁদের বক্তব্য ছিল, এখানে কিছু গরিব লোক বিক্রিবাট্টা করে সংসার চালান। এখানে বসতে না পারলে তাঁদের পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হবে।
গতকাল সড়কে বসা কয়েকজন বিক্রেতা বিষয়টি তুলে ধরে এই প্রতিবেদককে বলেন, এলাকার যেসব প্রভাবশালী ব্যক্তি তাঁদের রোজগারের উপায় হিসেবে এখানে বসতে দিয়েছেন, তাঁদের লোকদেরই এখন দুই বেলা চাঁদা দিতে হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই বিক্রেতারা বলেন, সকালে ৫০ থেকে ৬০ টাকা এবং বিকেলে ৩০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। কোনো কারণে চাঁদা দিতে দেরি হলে সংগ্রহকারীরা গালিগালাজ করেন এবং অন্য লোক বসানোর হুমকি দেন।
সড়কের পাশে একটি মনিহারি দোকানের ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, বছরের পর বছর ধরে রাস্তার মধ্যে এই বাজার। সিটি করপোরেশনের লোক এসে একবার বলে গিয়েছিলেন, ফুটপাতে বসে বেচাকেনা করতে। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা হচ্ছে, ফুটপাতও দখল হয়েছে, রাস্তায়ও বেচাকেনা চলছে।
এলাকার বাসিন্দা মো. সোলায়মান বলেন, পুরো অঞ্চলে কোনো কাঁচাবাজার নেই বলেই এখানে বাজার বসে। রাস্তায় বসা সবজিবিক্রেতা আলী হোসেন বলেন, স্থায়ী বাজার নির্মাণ হলে এবং তাঁদের দোকান বরাদ্দ দিলে তাঁরা সেখানেই বসবেন।
খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় একটি কমিউনিটি সেন্টার ও উন্নত মানের স্থায়ী কাঁচাবাজার নির্মাণের জন্য ২ একর ৪২ শতাংশ জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের পাশের জায়গাটি এখনো বুঝে পাওয়া যায়নি।
মানিকনগর এলাকাটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭ নম্বর ওয়ার্ডে। যোগাযোগ করা হলে কাউন্সিলর আবদুল বাসিত খান প্রথম আলোকে বলেন, গরিব বিক্রেতাদের পুনর্বাসনের শর্তে তিনি মানিকনগর প্রধান সড়কের ওপর বসা কাঁচাবাজারটি উচ্ছেদের পক্ষে ছিলেন। একইভাবে তাঁর অবস্থান এখানে চাঁদাবাজির বিপক্ষে। কিন্তু কাউন্সিলর হলেও তাঁর পক্ষে সব বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অবৈধ বাজারটি উঠিয়ে স্থায়ী বাজার করার বিষয়ে আলোচনা করতে শিগগিরই তিনি ডিএসসিসির মেয়রের সঙ্গে দেখা করবেন বলে জানান।