মানুষ কোপালেন আক্কাস কসাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় খিলগাঁও-মেরাদিয়া এলাকা দাপিয়ে বেড়িয়েছেন সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা মামুনুর রহমান ওরফে ফজু কমিশনার। তাঁর ওপর ব্যক্তিগত ঘটনার জেরে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় মাংস বিক্রেতা আক্কাস আলী ওরফে আক্কাস কসাই। সেই ক্ষোভের জেরে গতকাল সোমবার দাপুটে মামুনুরকে রাস্তায় পেয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন আক্কাস। এ সময় স্থানীয়দের পাল্টা হামলায় আক্কাসও আহত হন। মামুনুর রহমানের ওপর হামলা ঠেকাতে গিয়ে সেলিম নামের তাঁর এক সহযোগীও আহত হয়েছেন।
মামুনুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ও বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মামুনুর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড) সাবেক কাউন্সিলর। তিনি খিলগাঁও থানা বিএনপির অন্যতম নেতাও।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেরাদিয়া বাজারে হঠাৎ করেই মামুনুর রহমানের ওপর মাংস কাটার অস্ত্র নিয়ে হামলে পড়েন আক্কাস আলী। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, পূর্বশত্রুতার জের ধরে মাংস কাটার ছুরি দিয়ে মামুনুর রহমানকে কুপিয়ে আহত করেন আক্কাস আলী। এ সময় সেখানে থাকা অন্যরাও আক্কাসকে মারধর করেন। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।
হাসপাতালে চিকিৎসাধীন আক্কাস সাংবাদিকদের বলেন, দুই বছর আগে মামুনুর রহমানের অনুসারী বিএনপির কিছু কর্মী তাঁর বোন জিয়াসমিনকে ঘরে ঢুকে মারধর করেন। তিনি মামুনুরের কাছে এর বিচার চান। কিন্তু মামুনুর কোনো সমাধান করেননি। আক্কাস বলেন, ‘সেই থিকা মনের মইদ্দে ক্ষোভ ছিল। আইজকা বাটে পাইছি, কুপায়া দিছি।’ মেরাদিয়া বাজারে আক্কাসের মাংসের দোকান রয়েছে।
এদিকে গতকাল রাতে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে জানানো হয়, মামুনুর রহমানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।