মানুষ দেখলেই ভয়ে কেঁপে ওঠে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটি জ্বর আর ব্যথায় কাতরাচ্ছে। মানুষ দেখলেই ভয়ে কেঁপে উঠছে। সাত বছর বয়সের এই শিশু গত শনিবার ধর্ষণের শিকার হয়। তখন থেকে তার এ অবস্থা।
শিশুটি পাবনার ঈশ্বরদী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। উপজেলার মানিকনগর গ্রামের রকিবুল প্রামাণিকের ছেলে রাজু প্রামাণিক (২০) ভয় দেখিয়ে শনিবার দুপুরে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা গত রোববার রাজুর বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।
মেয়েটির বাবা জানান, তাঁর মেয়ে শনিবার দুপুরে এক বাড়িতে দুধ কিনতে যাচ্ছিল। এ সময় রাস্তায় একা পেয়ে রাজু তাঁর মেয়েকে একটি কক্ষে নিয়ে যায়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এতে সে অচেতন হয়ে পড়ে। এক ঘণ্টা পর তাঁরা প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যান। মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার রাতে তিনি ও ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ হোসেন থানায় গিয়ে ঘটনাটি জানান। ওই রাতেই শিশুটিকে থানায় নেওয়া হয়।
রোববার রাত সাড়ে ১১টার দিকে থানায় শিশুটির সঙ্গে এই প্রতিনিধির কথা হয়। শিশুটি তখন থানার বারান্দায় ভয়ে থরথর করে কাঁপছিল। কেউ কথা বলতে এলেই ভয়ে চমকে ওঠে সে। পরে অভয় দিয়ে শিশুটির সঙ্গে কথা হয়। ঘটনার কিছুটা বলতেই সে আবার ভয়ে কেঁদে ওঠে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খানম জানান, ঘটনার অনেক পরে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও তার শরীরে ধর্ষণের নমুনা পাওয়া গেছে। প্রচণ্ড ব্যথায় শিশুটির জ্বর এসেছে। তার রক্তক্ষরণ হয়েছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল সোমবার পুলিশি হেফাজতে তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।