থাইল্যান্ডের শংখলা প্রদেশের সাদাও উপকূল হচ্ছে মানুষ বিক্রির হাট। সমুদ্রপথে ট্রলারে করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া যাত্রীদের এই জঙ্গলে জিম্মি করে দালালেরা মুক্তিপণ আদায় করে। যাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা সম্ভব হতো না, অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদের হত্যা করা হতো। কারও লাশ মাটিতে পুঁতে ফেলা হতো। কোনো লাশ সাগরে ছুড়ে ফেলত দালালেরা। গত ১৭ এপ্রিল মুক্তিপণ দিয়ে সেখান থেকে দেশে ফেরা যুবক মনির উল্লাহ প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা জানান।
মনির উল্লাহ দাবি করেন, তাঁর পরিবার টেকনাফের এক দালালকে মুক্তিপণের ২ লাখ ৩৫ হাজার টাকা দেওয়ার পর থাইল্যান্ডের জঙ্গল থেকে নয় দিন পর তিনি ছাড়া পান। কিন্তু মুক্তিপণের টাকা তিনি কাকে দিয়েছেন, তা জানাতে রাজি হননি।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মনির উল্লাহ জানান, দালাল চক্রের ফাঁদে পড়ে ২০১৪ সালের ডিসেম্বর মাসে টেকনাফের নয়াপাড়া উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশে ট্রলারে ওঠেন তিনি। ৩২২ জন যাত্রী নিয়ে ট্রলারটি ২৮ দিন পর মিয়ানমার সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডের উপকূলে পৌঁছায়। তারপর ছোট নৌকায় করে ট্রলারের যাত্রীদের পাহাড়ঘেরা জঙ্গলে নামানো হয়। ট্রলারটি থাইল্যান্ড উপকূলে পৌঁছার পর সে দেশের দুই দালাল যাত্রীদের জঙ্গলের ভেতরে একটি আস্তানায় (গুদামঘরের মতো) আটকে রাখে। তারপর মুক্তিপণের জন্য তাঁদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন। সেখানে মারধরের কারণে তাঁর হাত ও পা ভেঙে যায়। তিনি জানান, গাদাগাদি করে তাঁদের রাখা হতো। শুকনো খাবার ছাড়া কিছুই খেতে দিত না।
মনির উল্লাহ জানান, বন্দিশিবির থেকে মুক্তির ১৪ দিন পর থাইল্যান্ড পুলিশ তাঁকে উপকূলের একটি গ্রাম থেকে ধরে কারাগারে পাঠায়। দুই মাস কারাভোগের পর গত এপ্রিল মাসে তিনি ছাড়া পেয়ে একটি ট্রলারে করে প্রথমে মিয়ানমারের আকিয়াব, তারপর সেখান থেকে টেকনাফে ফিরে আসেন। তিনি জানান, থাইল্যান্ডের কারাগারে কয়েক শ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বন্দী আছেন।
থাইল্যান্ডের জঙ্গল থেকে মুক্তিপণ থেকে ফিরে আসা টেকনাফের আরেক বাসিন্দা ফজলুল হক জানান, দালালেরা তাঁকে টেকনাফ উপকূল থেকে নৌকায় তুলে গভীর সমুদ্রে নিয়ে যায়। তারপর থাইল্যান্ডের একটি পণ্যবাহী জাহাজে তুলে দেওয়া হয়। ওই জাহাজে প্রায় দুই হাজার যাত্রী ছিল বলে তিনি দাবি করেন। জাহাজটি তিন দিন পর থাইল্যান্ড উপকূলে পৌঁছার পর দালালেরা জঙ্গলের বন্দিশিবিরে নিয়ে যায়। তারপর সেখানে নানা কৌশলে দালালেরা মুক্তিপণ আদায় করে।
মানব পাচারের বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, নানা প্রলোভনে পড়ে অনেকে মৃত্যুঝুঁকি নিয়ে সমুদ্রপথে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। দেশে দালালদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেন না।