মানুষের জমিতে সরকারি খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উমতা বাঘবেড় এলাকায় খনন করা ২০০ মিটার খাল। গত বুধবারের ছবি l প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উমতা বাঘবেড় এলাকায় খনন করা ২০০ মিটার খাল। গত বুধবারের ছবি l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি খাল খননের অভিযোগ পাওয়া গেছে। এ খনন বন্ধের দাবিতে গত রোববার এলাকার ২৬৭ জনের পক্ষ থেকে কৃষিমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে এটির খনন বন্ধ রয়েছে।

অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়েছে। গত বুধবার খালটি পরিদর্শনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা অভিযোগকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নামে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বরাদ্দ আসে। এ কর্মসূচির অধীনে ছয় লাখ টাকায় বাঘবেড় ইউনিয়নের কৃষকদের চাষাবাদের জন্য উমতা বাঘবের মৌজায় ৯০০ মিটার দীর্ঘ ধরা খাল খননের সিদ্ধান্ত হয়। খালটি সন্ন্যাসীভিটা বেইলি সেতু থেকে বাঘবেড় ইউপির সাবেক সদস্য ব্রজেন্দ্র বর্মণের বাড়ি পর্যন্ত বিস্তৃত।

৭ ডিসেম্বর রাতে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নেতৃত্বে একটি ভাড়া করা খননযন্ত্র দিয়ে উমতা বাঘবেড় এলাকায় খননের কাজ শুরু করা হয়। ওই জমি ব্যক্তিগত রেকর্ডভুক্ত বলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এর প্রতিবাদ জানায়। পরে রোববার ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল খনন বন্ধ করতে ২৬৭ জনের সই করা একটি অভিযোগ কৃষিমন্ত্রীর ই-মেইলে পাঠানো হয়। এর অনুলিপি ডিসি ও ইউএনওর কাছে দেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়ার নেতৃত্বে দপ্তর সম্পাদক রেজাউল করিম ও বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম অভিযোগকারী ব্যক্তিদের সঙ্গে গিয়ে কথা বলেন। এ সময় এলাকাবাসী এখানে ধরা খালের অস্তিত্ব নেই বলে জানান।

এলাকার লোকজন বলেন, উমতা বাঘবের মৌজায় প্রায় দুই হাজার একর জমিতে গভীর নলকূপের পানি দিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদ করা হয়। এলাকায় বন্যার প্রভাব নেই। জোর করে এখানে খাল খনন করা হলে এ এলাকার দেড় থেকে দুই শ জন প্রান্তিক চাষি ক্ষতিগ্রস্ত হবেন।

চরপাড়া গ্রামের ফাতেমা বেগম বলেন, ‘৩০ বছর আগে আমার স্বামী মারা গেছে। ৩০ শতক জমির ওপর নির্ভর করে তিন ছেলেমেয়ে নিয়ে অভাবের সংসার চলে। আমার এই জমিতে খাল খনন করা হইছে। এর সমাধানের লাইগা এখন কোথায় যামু বুঝবার পাইতাছি না।’

কৃষক চান মিয়া বলেন, ‘আমার খেতে আধা পাকা ধান। কাডার সময় অইছে। কিন্তু রাইতে কিছু না জানাইয়া ভেকু মেশিন দিয়া আমার খেতের মাজ দিয়া খাল কাডা অইছে। আমি এক সপ্তাহের সময় চাইছিলাম। কিন্তু কেউ সাড়া দিছে না।’

শফিউল আলম নামের একজন বলেন, ‘এখানে ধরা খালের অস্তিত্ব নেই। যদি খাল খনন করা হয়, তাহলে দুই শ কৃষকের জমি এর মধ্যে পড়ব। এতে অনেকেই ভূমিহীন হইয়া যাব। তাই ২৬৭ জনের অভিযোগ মতিয়া আপার কাছে ই-মেইলে পাঠাইছি।’

জানতে চাইলে ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কেও জানানো হয়েছে। তিনি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া বলেন, ‘এ ব্যাপারে মতিয়া আপার সঙ্গে কথা বলা হবে।’