মানুষের শত্রুতায় প্রাণ গেল ছাগলের!
শত্রুতা দুই প্রতিবেশীর। তাঁরা তাঁরা ঝগড়া করেছেন, রাগারাগি করেছেন। এ পর্যন্ত সবকিছু ছিল ঠিকঠাক। কিন্তু গতকাল রোববার লিখিত অভিযোগ নিয়ে থানায় যেতে হলো এক প্রতিবেশীকে। কারণ, তাঁর দুটি ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর অভিযোগ, শত্রুতার ঝাল মেটাতে পাশের প্রতিবেশী তাঁর ছাগল দুটিকে হত্যা করেছেন।
ঘটনাটি যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের। অভিযোগ পাওয়ার পর তৎপরতা শুরু করেছে পুলিশ। গতকাল পুলিশ ছাগল দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আরও অধিকতর পরীক্ষার জন্য আজ সোমবার ছাগল দুটির কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশ পাঠানো হয়েছে ঢাকা রোগ অনুসন্ধান কেন্দ্রে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে কামালপুর গ্রামের মোহর আলীর সঙ্গে তাঁর প্রতিবেশী আক্কাছ আলীর শত্রুতা আছে। গত শুক্রবার মোহর আলীর দুটি ছাগল আক্কাছ আলীর ঘরের পাশে যায়। তখন আক্কাছ আলী ছাগলদুটো আটক করেন। মোহর আলীর স্ত্রী রুমা ছাগল দুটো ছেড়ে দিতে বলেন। কিন্তু আক্কাছ আলী তাদের ছাড়েনি। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ সময় ঝগড়া হয়। শেষমেশ গতকাল দুপুর একটার দিকে যশোর সদরের হরিনার বিলে ছাগল দুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপনেশ্বর রায় প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রাণী হত্যা বা কোনো ক্ষতি করলে আইনে ব্যবস্থা নেওয়া বিধান আছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যাকাণ্ড কিনা তা জানা যাবে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ড প্রমাণিত হলে মোহর আলীর দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।