মানুষের হিংস্রতা
মানুষের হিংস্রতার শিকার হয়েছে একটি বানর। দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে বানরটির দুটি চোখই নষ্ট হয়ে গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশন এলাকা থেকে গতকাল শনিবার বেলা ১১টায় আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়েছে বানরটিকে।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, দুই দিন ধরে চোখ হারিয়ে একটি বানর রেলস্টেশন এলাকায় পড়ে ছিল। এটি লম্বায় তিন ফুট ও উচ্চতায় দেড় ফুট। খবর পেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দে বানরটিকে উদ্ধার করে নিয়ে যান। তিনি বলেন, মনে হয় খাবারের খোঁজে লাউয়াছড়া বনাঞ্চল থেকে দল ছেড়ে বানরটি লোকালয়ে এসেছিল। এ সময় দুর্বৃত্তরা তার ওপর কোনো দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে তার চোখ দুটি গলে যায় ও মুখমণ্ডলের কিছুটা অংশ ঝলসে যায়। এখন সতর্কতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে বানরটিকে সুস্থ করার চেষ্টা চলছে।