মান্দায় আদিবাসী খুন, আটক ৩
নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জের ধরে ভাদুয়া পাহান (৫০) নামে এক আদিবাসী খুন হয়েছেন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার তানইল উত্তর সরদারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের ছোট ভাই সুরেন পাহান বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যে এ ঘটনায় নিহত ব্যক্তির বড় স্ত্রী রন্টি রানী পাহান এবং তাঁর দুই মেয়ে গোলাপী রানী পাহান ও মাধবী রানী পাহানকে আটক করা হয়েছে।
গ্রামবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, ২২ বছর আগে ভাদুয়া পাহানের সঙ্গে রন্টি রানীর বিয়ে হয়। তিন মাস আগে ধাইমুল পাহান নামে এক নারীকে বিয়ে করেন ভাদুয়া পাহান। দ্বিতীয় বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। গত এক সপ্তাহ ধরে ভাদুয়া পাহান তাঁর বড় স্ত্রীকে কোনো ভরণ-পোষণ দিচ্ছিলেন না। এ কারণে গতকাল বড় স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ হয়। ঝগড়ার একপর্যায়ে বড় স্ত্রী ও দুই মেয়ে মিলে ভাদুয়া পাহানকে পেটানোর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তিনি মারা যান।