মান্দায় ছেলের হাতে মা খুন
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে গত শুক্রবার ছেলের হাতে মা আকলিমা বিবি (৫৯) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে শরাফতদ্দৌলাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আকলিমা বিবি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শরাফতদ্দৌলা বাড়ির পাশের একটি কড়ইগাছ বিক্রির জন্য শুক্রবার সকালে তাঁর মা আকলিমার কাছে অনুমতি চান। আকলিমা ওই গাছ বিক্রি করতে রাজি না হলে তাঁদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে শুক্রবার সারা দিনই মা-ছেলের মধ্যে ঝগড়া চলে। রাতে খাওয়ার পর আকলিমা তাঁর শয়নকক্ষে ঘুমাতে যান। রাত ১১টার দিকে শরাফতদ্দৌলা তাঁর মায়ের ঘরে প্রবেশ করেন। পরে তিনি মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পরানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান ইলিয়াছ আলী খান বলেন, মাকে খুনের পর রাতেই শরাফতদ্দৌলা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ তাঁকে থানায় আটকে রেখে ঘটনাস্থল থেকে তাঁর মায়ের লাশ উদ্ধার করে। তবে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দাবি করেন, খুন করে পালিয়ে যাওয়ার সময় মান্দা থানা এলাকা থেকে শরাফতদ্দৌলাকে আটক করে পুলিশ।
আনিছুর রহমান আরও বলেন, এ ঘটনায় আকলিমার বড় ছেলে আশরাফদ্দৌলা গতকাল শনিবার সকালে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। শরাফতদ্দৌলাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আকলিমার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।