মান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত খায়রুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ২২ দিন পর গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
খায়রুল ইসলাম উপজেলার চকরামপুর গ্রামের মৃত শুকুর আলী প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরামপুর গ্রামের জয়বুল হোসেনের সঙ্গে ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে খায়রুল ইসলামের বিরোধ চলছিল। গত ১৯ জানুয়ারি সকাল ৯টার দিকে খায়রুল ইসলামের ভোগদখলীয় সম্পত্তি দখলের চেষ্টা করে জয়বুল পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হন। এঁদের মধ্যে খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সনাতন কুমার সরকার বলেন, মারধরের ঘটনায় খায়রুল ইসলামের স্ত্রী ফাহিমা বিবি একটি মামলা দায়ের করেন। ঘটনায় প্রতিপক্ষ জাভেদ আলীর দায়েরকৃত আরেকটি মামলা থানায় তালিকাভুক্ত করা হয়। দুই মামলার আসামিরা জামিন নিয়েছেন। খায়রুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফাহিমা বিবির দায়েরকৃত মামলার সঙ্গে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন হবে।