মান্দায় দুই মাস ধরে স্কুলশিক্ষক নিখোঁজ?

নওগাঁর মান্দা উপজেলার আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক (৪৫) দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।
প্রশিক্ষণের কথা বলে গত ১০ জুন রেজাউল হক বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রেজাউল হক উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামের মৃত বসরতুল্লাহ প্রামাণিকের ছেলে।
রেজাউল হকের বোন রেহেনা বিবি জানান, চট্টগ্রামে সাত দিনের একটি প্রশিক্ষণের কথা বলে রেজাউল ১০ জুন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের কারও যোগাযোগ হয়নি। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
এ ঘটনায় রেজাউল হকের পরিবারের কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেননি। এ সম্পর্কে গত রোববার রেহেনা বিবি বলেন, ‘হয়রানির ভয়ে থানার পুলিশকে জানাইনি। তবে এক-দুই দিনের মধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করব।’
আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুন জানান, রমজান ও ঈদ উপলক্ষে ৬ জুন বিদ্যালয় বন্ধ হয়। ছুটি শেষে ১১ জুলাই বিদ্যালয় খুললেও রেজাউল হক আর আসেননি। রোববার পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে তাঁর পরিবারের লোকজনও কিছু জানাতে পারছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, রেজাউল হক অনুপস্থিত থাকায় তাঁর বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সংবাদকর্মীদের কাছ থেকে জানার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।