মান্দায় ব্যবসায়ীর ১১ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার সুতি হাটবাজারের ‘শুভ শস্য আড়ত’ নামের একটি ধানের আড়ত থেকে গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীর ১১ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় চোর সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার সুতিহাট গ্রামের সাদেকুল, আবুল হোসেন ও গণেশপুর গ্রামের দুলাল হোসেন।
প্রতিষ্ঠানের মালিক আব্দুর রব চৌধুরী বলেন, গতকাল সকালে বাসা থেকে ব্যাগে করে ১১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সুতি হাট ধানের আড়তে আসেন। আড়তের ক্যাশ বাক্সের ওপর টাকার ব্যাগ রেখে তিনি ক্যাশ বাক্সের পাশে বসে ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে দুজন লোক ধান বিক্রেতা পরিচয়ে আড়তে টাকা নিতে আসেন। ওদের মধ্যে একজন লোক বলেন, আপনার টাকার বান্ডিল পড়ে গেছে। এ সময় তিনি ক্যাশ বাক্সের পাশে পড়ে থাকা ১০ টাকার একটি বান্ডিল কুড়িয়ে তুলে দেখেন তাঁর ব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করি। ততক্ষণে ওই দুই চোর পালিয়ে যান।
ওসি আনিছুর রহমান গতকাল বিকেল চারটায় বলেন, ‘এ ঘটনার পর চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আশা করছি, এই চুরির মূল হোতাকে শিগগিরই গ্রেপ্তার করে চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’