মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার এক তরুণের বিরুদ্ধে মান্দা থানায় মামলা হয়েছে। ওই স্কুলছাত্রী বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও স্কুলছাত্রীর পরিবার জানায়, গত সোমবার বিকেলে স্থানীয় একটি বাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ করে এক তরুণ। এরপর সে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। প্রতিবেশীরা মেয়েটিকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন মেয়েটিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ছাত্রীটির বাবা বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ালেখা করে। স্কুলে যাওয়ার পথে অনেক দিন ধরে ওই তরুণ তাকে উত্ত্যক্ত করত। আমি একাধিকবার ওই তরুণকে সাবধান করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।