মান্দায় ১৫ দিনেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় আবদুল ওয়াহেদ (১০) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত ২৬ জুলাই থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ৩১ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের ১৫ দিন পরও শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
ওয়াহেদ উপজেলার দক্ষিণ পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও উপজেলার দাওয়াইল গ্রামের জামাল হোসেন কবিরাজের ছেলে।
জামাল হোসেন জানান, তাঁর ধারণা, একটি সংঘবদ্ধ অপহরণ চক্র তাঁর ছেলেকে অপহরণ করেছে। তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় উপজেলার উত্তর কোঁচড়া (কৃষ্ণপুর) গ্রামের বুলবুল হোসেন বিয়েতে বাধা দেন। এ ছাড়া বুলবুল আমার মেয়েকে বিয়ে করতে চান। ধারণা করা হচ্ছে, আমার মেয়েকে বিয়ে করতে না পেরে সে আমার ছেলেকে অপহরণ করেছে। এ ঘটনার পর থেকে বুলবুলকে এলাকায় পাওয়া যাচ্ছে না।’
মান্দা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুর রাজ্জাক জানান, বিষয়টি তদন্তের জন্য এসআই মাহবুবকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাহবুব জানান, তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই এ রহস্য উদ্ঘাটিত হবে।