মান্নান খানের সমর্থকদের বিরুদ্ধে ব্যানার ছেঁড়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সমর্থকদের বিরুদ্ধে ঢাকার দোহার উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চ
দখল করে বঙ্গবন্ধুর ছবিসংবলিত ব্যানার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল করিম ভূইয়া বলেন, ‘গতকাল জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে ওই মাঠে যান। প্রথমে উপজেলা যুবলীগ সভাপতি আলমাস, সাধারণ সম্পাদক রহমান ও রশিদ কমিশনার প্রশ্ন করেন ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নেই কেন? আমরা বলি, তথ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ব্যানারটি করেছি। কিন্তু আমাদের কোনো কথা না শুনে সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর কর্মীরা বঙ্গবন্ধুর ছবিসংবলিত ব্যানারটি ছিঁড়ে মাটিতে ফেলে দেন। এরপর সাবেক প্রতিমন্ত্রী নিজেই মাইক কেড়ে নিয়ে ১০-১৫ মিনিট বক্তব্য দিয়ে সমর্থকদের নিয়ে চলে যান।’
স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলাম প্রথম আলোকে বলেন, দোহারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে মঞ্চে বঙ্গবন্ধুর ছবিসংবলিত ব্যানার টানানো হয়েছে। হঠাৎ সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর নেতা-কর্মীরা মঞ্চে উঠে ইউএনওকে গালিগালাজ করে বঙ্গবন্ধুর ছবিসংবলিত ব্যানারটি ছিঁড়ে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে তাঁরা মঞ্চ ভাঙার চেষ্টা করেন। মূলত অনুষ্ঠানটি পণ্ড করার জন্য মান্নান খান ও তাঁর নেতা-কর্মীরা কাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটিয়েছেন।
অভিযোগের ব্যাপারে সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, মঞ্চ দখলের অপবাদটি মিথ্যা ও বানোয়াট। ব্যানারে প্রধানমন্ত্রীর নাম ও ছবি না থাকায় নেতা-কর্মীরা প্রতিবাদ করেছেন। ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগটিও সত্য নয়।
মান্নান খান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবিরের কর্মী ছিলেন। তাঁদের অপকৃতি ধামাচাপা দেওয়ার জন্য আমাদের দলীয় লোকজনকে হেয় প্রতিপন্ন করে মিথ্যা অপবাদ দিচ্ছেন।’